রদ্রিকে পুরো মৌসুমের জন্য হারানোর শঙ্কায় ম্যানচেস্টার সিটি
ইএসপিএনের খবর, এই স্প্যানিশ মিডফিল্ডারের ডান হাঁটুর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আর্সেনালের বিপক্ষে শেষমুহূর্তের গোলে হার এড়ালেও, ওই ম্যাচেই সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটির শুরুর দিকে চোট পাওয়া মিডফিল্ডার রদ্রিকে মৌসুমের বাকি সময়ে আর না পাওয়ার শঙ্কায় পড়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
সোমবার রদ্রির চোটের পরীক্ষা করানো হয়েছে। পরে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, তার ডান হাঁটুর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র আরও জানিয়েছে যে, রদ্রির আরও পরীক্ষা করানো হবে। তবে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে, এসিএল ছিড়ে গেছে। বার্সেলোনায় তার অস্ত্রোপচার হতে পারে।
গত রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে শুরুতেই আর্লিং হলান্ডের গোলে এগিয়ে যায় সিটি। তবে চোট পেয়ে ২১তম মিনিটে রদ্রি মাঠ ছাড়ার পর কিছুটা ছন্দ হারায় দলটি।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলেও জয়ের পথে ছিল আর্সেনাল। তবে, একেবারে অন্তিম সময়ে জন স্টোনসের গোলে ২-২ ড্রয়ে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পেপ গুয়ার্দিওলার দল।
গত বছর সিটির টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ড গড়ার পথে গুরুত্বপূর্ণ অবদান ছিল রদ্রির। আগের মৌসুমে দলের ট্রেবল জয়েও মূল কারিগরদের একজন ছিলেন তিনি।
গেল কয়েক বছরে কেবল ক্লাবেই নয়, জাতীয় দলেও অসাধারণ পারফরম্যান্স করে চলেছেন ২৮ বছর বয়সী তারকা এই মিডফিল্ডার। গত জুন-জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনকে শিরোপা জেতানোর পথে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন তিনি।
এবছরের ব্যালন দ’র জয়েরও ভালো সম্ভাবনা আছে তার। মৌসুমের শুরুতেই তাই এমন একজনকে লম্বা সময়ের জন্য হারিয়ে ফেললে, সিটির জন্য সেটা হবে বিরাট বড় ক্ষতি।
টানা পঞ্চমবার লিগ শিরোপা জয়ের পথে শুরুটা দারুণ হয়েছে সিটির। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
