জার্মান ফুটবল
Published : 10 Jan 2026, 08:37 PM
তুষারে ঢেকে গেছে চারপাশ। এই মুহূর্তে ম্যাচ খেলা নিরাপদ মনে করছে না কর্তৃপক্ষ। তাই বুন্ডেসলিগার দুটি ম্যাচ স্থগিত করে দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফএল)।
উত্তর জার্মানির শহর হ্যামবুর্গে ভারি তুষারপাতের কারণে প্রথমে পাউলি ও লাইপজিগের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়। পাউলির মাঠে শনিবার ম্যাচটি হওয়ার কথা ছিল।
বৈরি আবহাওয়ার কারণে পরে ভার্ডার ব্রেমেন ও হফেনহাইমের ম্যাচও স্থগিত করে দেয় কর্তৃপক্ষ। ব্রেমেনের মাঠে এই ম্যাচটিও হওয়ার কথা শনিবার।
পাউলি তাদের বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ আয়োজন করতে সব ধরনের চেষ্টা তারা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি তারা।
স্থগিত হওয়া ম্যাচ দুটির সূচি শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছে বুন্ডেসলিগা কর্তৃপক্ষ।