২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাককে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা

এই জয়ে প্যারিস অলিম্পিকসের পরের ধাপে ওঠার সম্ভাবনাও জোরাল হয়েছে দুইবারের চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 10:02 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

বিশৃঙ্খলায় ভরা ম্যাচে হেরে অভিযান শুরুর পর কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকসের পুরুষ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল।

অলিম্পিক লিওঁর আঙিনা লিওঁ স্টেডিয়ামে শনিবার ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। 

‘বি’ গ্রুপের এই ম্যাচে চতুর্দশ মিনিটে থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেসের বাড়ানো বলে ভলিতে গোলটি করেন মিডফিল্ডার আলমাদা। বিরতির আগে হেডে সমতা টানেন আইমেন হুসেইন।

দ্বিতীয়ার্ধে আর সেভাবে লড়াই জমাতে পারেনি ইরাক। ফরোয়ার্ড লুসিয়ানো এমিলিওর কাছ থেকে করা গোলে ৬২তম মিনিটে ফের এগিয়ে যায় অলিম্পিকে দুবারের সোনাজয়ীরা।

আর ৮৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান মিডফিল্ডার এসেকিয়েল ফের্নান্দেস।

গত সপ্তাহে মরক্কোর বিপক্ষে আসরে শুরুর ম্যাচে ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয় আর্জেন্টিনার। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে এনসো ফের্নান্দেস ও তার সতীর্থদের গাওয়া ‘বর্ণবাদ ও বৈষম্যমূলক’ গানের সূত্র ধরে দর্শকদের দুয়োর মুখে পড়ে ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিকে সোনাজয়ীরা।

সেদিন শেষ দিকে দর্শকরা মাঠে ডুকে পড়ায় এবং প্রায় দুই ঘণ্টা বিরতির পর পুনরায় শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। 

সেই ধাক্কা সামলে এই জয়ের পর গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। মরক্কো ও ইরানের মতো মাসচেরানোর দলের পয়েন্টও ৩, তবে গোল ব্যবধানে এগিয়ে তারা।

কিছুদিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন এখানেও ছুটছে দারুণ ছন্দে। অলিম্পিকের পুরুষ ফুটবলে অবশ্য মূল জাতীয় দল খেলে না, অংশ নেয় অনূর্ধ্ব-২৩ দল। তারা এদিন ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ডোমিনিকান রিপাবলিককে।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে তারা।