২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনা শোনার ‘সময় নেই’ রেয়াল মাদ্রিদের

রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মতে, প্রতি তিন দিনে ম‍্যাচ খেলতে হলে সমালোচনা নিয়ে ভাবার সুযোগ থাকে না।

সমালোচনা শোনার ‘সময় নেই’ রেয়াল মাদ্রিদের
রেয়াল মাদ্রিদের অনুশীলনে হাস্যোজ্জ্বল কোচ কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2025, 08:04 AM

Updated : 26 Aug 2026, 12:27 PM

এক দশকে চ‍্যাম্পিয়ন্স লিগে ছয় শিরোপা জিতে রেয়াল মাদ্রিদ প্রত‍্যাশা এতো বাড়িয়েছে যে, পারফরম‍্যান্সের একটু নড়চড় হলেই আওয়াজ তুলতে থাকেন ভক্তরা। চলতি মৌসুমে ঠিক সেই পরিস্থিতিতেই পড়েছে ইউরোপের সফলতম দলটি। তবে কোচ কার্লো আনচেলত্তির দাবি, তারা এতো ব‍্যস্ত যে বাইরের আলোচনায় কান দেওয়ারই সময় নেই।

চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে রেয়াল। ইংলিশ ক্লাবের মাঠে খেলা শুরু হবে মঙ্গলবার রাত ১টায়। এর আগের দিন সংবাদ সম্মেলনে বাইরের সমালোচনা এড়িয়ে যাওয়া নিয়ে বলেন আনচেলত্তি।

“যখন প্রতি তিন দিনে একটি ম‍্যাচ থাকে তখন আমরা সমালোচনা নিয়ে ভাবতে পারি না। আমরা প্রতিটা ম‍্যাচের বিশ্লেষণ করি এবং পরের ম‍্যাচের জন‍্য প্রস্তুত হই।”

“আগামী কালকের ম‍্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা কেবল লড়াইয়ের প্রথম ৯০ মিনিট। এটা নির্ণায়ক নয়, কারণ আগামী সপ্তাহে আরও ৯০ মিনিট খেলা হবে সান্তিয়াগো বের্নাবেউয়ে।”

গত মৌসুমে দারুণ ধারাবাহিক ছিল রেয়াল। কেবল দুটি ম‍্যাচ হেরে জিতেছিল লা লিগা ও চ‍্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এবার ততটা ধারাবাহিক নয় তারা।

লা লিগায় এরই মধ‍্যে হেরেছে পাঁচ ম‍্যাচ। অন‍্য প্রতিযোগিতায়ও হেরেছে বেশ কয়েকটি ম‍্যাচ। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বড় হারও আছে এগুলোর মধ‍্যে, যাদের বিপক্ষে চলতি মাসের শেষ দিকে কোপা দেল রের ফাইনালে খেলবে রেয়াল। 

ভালেন্সিয়ার বিপক্ষে গত শনিবার ২-১ গোলে হেরে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে একটু পিছিয়ে পড়েছে আনচেলত্তির দল। ৮ ম‍্যাচ বাকি থাকতে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা, চার পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনা। 

নতুন আঙ্গিকের চ‍্যাম্পিয়ন্স লিগে এরই মধ‍্যে ম‍্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদের মতো দলকে বিদায় করে দিয়েছে রেয়াল। এতে চলতি মৌসুমে শিরোপা জয়ের আত্মবিশ্বাস পাচ্ছেন কোচ আনচেলত্তি।

“যদি আমি বিশ্বাস না করতাম যে, আমরা এই মৌসুমে শিরোপা জিততে পারি তাহলে এরই মধ‍্যে আমি সরে যেতাম। আমি ছুটির কথা ভাবতাম।”

“শেষ পর্যন্ত যাই হোক, আমরা এখানে সব শিরোপার লড়াইয়ের জন‍্য আছি। যদি কাজ না হয় তাহলে পরের মৌসুমের জন‍্য আমাদের ভাবতে হবে। তবে তার সময় এখনও আসেনি। চ‍্যাম্পিয়ন্স লিগে আমাদের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এই জ্ঞানের অর্থ হলো এ ধরনের ম‍্যাচ নিয়ে, এমন চাপ নিয়ে আপনি ভয় পাবেন না।”