টেবিল টেনিস
Published : 16 Jan 2026, 09:38 PM
বালিকা এককে আলো ছড়ানো খই খই মারমা মহিলা এককেরও ছন্দ ধরে রাখলেন। গতবারের চ্যাম্পিয়ন সাদিয়া ইসলাম মৌকে হারিয়ে জাতীয় টেবিল টেনিসে জিতলেন শিরোপা।
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুক্রবার মহিলা এককের ফাইনালে মৌকে ৩-০ সেটে হারান খই খই।
পুরুষ এককেও মুকুট হারিয়েছেন রামহিম লিয়ন বম। তাকে ৩-১ সেটে হারিয়ে সেরা হয়েছেন মুহতাসিন আহমেদ হৃদয়।
বালক-বালিকা, মহিলা-পুরুষ মিলিয়ে এবারের আসরে ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৯টি ইভেন্টে সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
আনসার ও ভিডিপি ৩টি এবং সেনাবাহিনী দুটিতে হয়েছে চ্যাম্পিয়ন।
সেরা হওয়া খই খই সাফল্যের উচ্ছ্বাসে ভেসে যেতে চান না। সামনের দিনগুলোতেও পরিশ্রম করে ছন্দ ধরে রাখার লক্ষ্য তার।
“গতবারও লক্ষ্য ছিল সিনিয়র এবং জুনিয়র দুটিতেই চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু পারিনি। ওনার (মৌ) সাথেই হেরে গিয়েছিলাম। তো এবার দলগত বিভাগে ওনাদের সাথে হেরে গিয়েছিলাম বলে একটু সংশয় ছিল বা আপসেট ছিলাম যে সিঙ্গেলসে জিততে পারব কি না। কারণ প্রত্যেকটা খেলোয়াড়েই লক্ষ্য থাকে এককে চ্যাম্পিয়ন হওয়া। তো আজকে যখন দেখলাম আমার সব শট ঠিকঠাক হচ্ছে এবং শুরুতে যখন ডাবলস ও মিক্সড ডাবলসে জয় পেলাম, তখন কনফিডেন্স বাড়ছে যে চেষ্টা করলে আমি পারব। আমি চেষ্টা করব আমার খেলাটা ধরে রাখতে। এর জন্য আমাকে আরও অনেক হার্ডওয়ার্ক করতে হবে।”