দলকে নিজেদের মান দেখাতে বললেন ব্রাজিল কোচ
‘আমাদেরও অনেক কিছু আছে, আমাদের ভালো ফুটবল খেলতে হবে’, দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে বলেছেন কার্লো আনচেলত্তি।
প্রীতি ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতির অংশ, নিজেদের ঝালিয়ে নেওয়াই তাই লক্ষ্য। তবে দলের কাছে সেরাটা চান কার্লো আনচেলত্তি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলোয়াড়দের নিজেদের শক্তিমত্তা দেখানোর বার্তা দিলেন ব্রাজিল কোচ।
সিউলে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। চার দিন পর স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে গোলরক্ষক বেন্তোর খেলা নিশ্চিত করে ম্যাচ দুটির গুরুত্ব তুলে ধরলেন আনচেলত্তি।
“দলকে তাদের মান দেখাতে হবে। আমাদেরও অনেক কিছু আছে। আমাদের ভালো ফুটবল খেলতে হবে।”
“এই ম্যাচগুলোতে আমরা এশিয়ান দলগুলোর মুখোমুখি হওয়ার পরিকল্পনা করেছি। অবশ্যই তাদের সম্পর্কে আমরা জানি, সাম্প্রতিক বছরগুলোতে তারা উল্লেখযোগ্য উন্নতি করেছে। আমরা এই দুটি ম্যাচ খেলতে উন্মুখ; কঠিন লড়াই হবে, তবে বিশ্বকাপে আমরা যেসব বাধার সম্মুখীন হতে পারে, সেসবের প্রস্তুতিতে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। এটা দলের জন্য তাদের মান, মনোভাব ও বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় সবকিছুর উন্নতি করার একটি সুযোগ।”
২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। সেই খরা কাটানোর লক্ষ্যে গত মে মাসে ইতিহাসের সেরা কোচদের একজন আনচেলত্তিকে দায়িত্ব দেয় তারা। অভিজ্ঞ ইতালিয়ান কোচ জোর দিয়ে বললেন, তিনি এমন খেলোয়াড়দের ওপর নির্ভর করতে চান যাদের স্বপ্ন কেবল বিশ্বকাপ জয়।
“খেলোয়াড়দের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং একটি লক্ষ্য অর্জনের জন্য দলের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের লক্ষ্য খুব স্পষ্ট: বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া নয়, বিশ্বকাপ জেতা। আমি সেই খেলোয়াড়দের চাই, যারা সেরা হওয়ার জন্য নয়, ট্রফি জয়ের জন্য বিশ্বকাপে থাকতে চায়।”
