২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ নিয়োগে দুর্নীতির অভিযোগ

পরপর দুজন প্রধান কোচ নিয়োগে নিয়ম ভেঙেছেন ফুটবল সংস্থার প্রধান, এমন অভিযোগ দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 07:24 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

জাতীয় দলের দুইজন প্রধান কোচ নিয়োগে নিজেদেরই নিয়ম ভাঙায় শাস্তির মুখে পড়েছেন কোরিয়া ফুটবল অ‍্যাসোসিয়েশন (কেএফএ) প্রধান চুং মং-গিউ। তদন্ত শেষে তাকে বরখাস্ত করতে বলেছে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়।

বর্তমান প্রধান কোচ হং মিয়ুং-বো ও তার পূর্বসুরি ইয়ুর্গেন ক্লিন্সমানের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়ে কেএফএ। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের করা নিরীক্ষার চূড়ান্ত ফলাফলে বরখাস্তের ওই সুপারিশ যুক্ত করা হয়। নিরীক্ষায় সন্দেহজনক আর্থিক ও প্রশাসনিক অনিয়ম নিয়েও তদন্ত হয়।      

গত মাসে নিরীক্ষার প্রাথমিক প্রতিবেদন দেখিয়েছিল, কোচ নিয়োগের ক্ষেত্রে কর্তৃত্ব না থাকলেও দুইজন কোচ নিয়োগ দিয়ে নিয়ম ভাঙেন কেএফএ প্রধান মং-গিউ।  

এই বিষয়ে কেএফএ'র সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পায়নি রয়টার্স। গত মাসের শেষ দিকে সংসদীয় শুনানিতে মং-গিউ বলেছিলেন, কোচ নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি নিখুঁত ছিল না। তবে তিনি কোনো আইন ভাঙেননি।

এর আগে গত সেপ্টেম্বরে মিয়ুং-বো বলেন, তার নিয়োগের ক্ষেত্রে কেএফএ-র পক্ষ থেকে কোনো ধরনের বাড়তি সুবিধা দেওয়া হয়নি।

ক্রীড়া মন্ত্রণালয় বলছে, কোচ নিয়োগ দেওয়ার জন‍্য দায়িত্বপ্রাপ্ত জাতীয় দল কমিটিকে অকার্যকর করে ফেলেছেন মং-গিউ ও কেএফএ-র অন্যান্য জৈষ্ঠ‍্য কর্মকর্তারা। তাই বহিষ্কারের পাশাপাশি এক মাসের মধ্যে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মন্ত্রণালয়।

আর্থিক অনিয়ম পাওয়ার কথা জানিয়ে এফএ-কে আগামী দুই মাসের মধ‍্যে মিয়ুং-বোর নিয়োগের পদ্ধতিগত ত্রুটি বের করে ব‍্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে জাতীয় দল কমিটির মাধ‍্যমে সম্ভাব‍্য নতুন প্রার্থীদের নাম ঠিক করতে বলেছে।