Published : 17 Aug 2025, 08:00 PM
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মরুভূমির তাপমাত্রায় মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে, তবুও মূল লড়াইয়ের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস এই সফর থেকে সঞ্চয় করে নিতে চায় দল।
আগামী সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই। বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়া আছে সিঙ্গাপুর ও ইয়েমেন।
প্রস্তুতি নিতে বর্তমানে বাহরাইনে আছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তাদের দুই প্রীতি ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে সোমবার। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় ডিফেন্ডার রিমন হোসেন বলেছেন, বাহরাইনের তাপমাত্রা হয়ে উঠেছে তাদের দুর্ভাবনার কারণ।
“আমাদের দেশের আবহাওয়া ও বাহরাইনের আবহাওয়া মোটামুটি কাছাকাছি হলেও এখানে গরম একটু বেশি। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। আমাদের দলটাও ভালো। কারণ দলে যারা আছে সবাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ও জাতীয় দলের। আমি মনে করি, বাহরাইনে ভালো একটি ম্যাচ খেলতে পারব আমরা।”
বাহরাইনে গিয়ে কিছু কৌশল শাণিয়ে নিয়েছে যুবারা। দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর বিশ্বাস, সফর থেকে ভালো কিছুই পাবেন তারা।
“শুরুতে আমরা বিল্ড-আপ নিয়ে কাজ করেছি... নিচ থেকে আমরা কীভাবে বিল্ড-আপ করবো। এরপর আরেকটা সেশন ছিল ফাইনাল থার্ডে আমরা কীভাবে অ্যাটাকগুলো ফিনিশিং করব।”
“বাহরাইনের দুটি ম্যাচ নিয়ে বিশ্লেষণ করেছি, খেলোয়াড়দের ভিডিও দেখিয়েছি, কীভাবে ওরা হাই প্রেস করে, মিডফিল্ডে ব্লক করে এবং ব্লক থেকে কীভাবে প্রেসটা শুরু করে, এগুলোর ওপর সেশনটা সাজানো হয়েছিল। আর আমরা ফিনিশিং দিয়ে শেষ করেছি। সবাই সুস্থ আছে, ভালো একটা সেশন হয়েছে, যদিও গরম অনেক বেশি। খেলোয়াড়রা (বাহরাইনের কন্ডিশনের সাথে) মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।”