২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর ভেঙে সরাসরি বিশ্বকাপ দলে মানুয়েল নয়ার

আসছে বিশ্বকাপেও প্রথম পছন্দের গোলরক্ষক থাকবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

অবসর ভেঙে সরাসরি বিশ্বকাপ দলে মানুয়েল নয়ার
জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মানুয়েল নয়ার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 06:37 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

বয়স হয়ে গেছে ৪০, আন্তর্জাতিক ফুটবলে সবশেষ খেলেছেন প্রায় দুই বছর আগে। এমনকি জাতীয় দলের পাঠ চুকিয়েও ফেলেছিলেন মানুয়েল নয়ার। তবে, বিশ্বকাপে খেলার হাতছানিতে কোচের ডাকে সাড়া না দিয়ে পারলেন না একসময়ের বিশ্বসেরা গোলরক্ষক। পোস্টে তাকে প্রথম পছন্দে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান।

নয়ারের বিদায়ের পর, এতদিন নাগেলসমানের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন হফেমহাইমের অলিভার বাউমান। তার সঙ্গে দীর্ঘ আলোচনার পরই নাকি নয়ারকে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেন কোচ। এরপরই, উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগেলসমান।

নয়ারকে প্রথম পছন্দের গোলরক্ষক বিবেচনা করা হচ্ছে কি না-এমন প্রশ্নের উত্তরে দল ঘোষণার সংবাদ সম্মেলনে নাগেলসমান বলেন, “হ্যাঁ, আমি সেভাবেই পরিকল্পনা করছি। প্রধান কাজ ছিল সেরা তিন গোলরক্ষক নির্বাচন করা এবং আমাদের মতে, এই তিন জন তাই।”

“আমরা মানুয়েলের সঙ্গে যোগাযোগ করে জানতে চাই যে, সে আবার জাতীয় দলে খেলতে চায় কি না।”

দেশের হয়ে নয়ার সবশেষ খেলেছেন ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। ঘরের মাঠে ওই আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার পরের মাসে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি।  

খুব জোরাল না হলেও, সাম্প্রতিক সময়ে নয়ারের ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেটাই এবার সত্যি হলো। এখন তার সামনে টানা পঞ্চম বিশ্বকাপ খেলার হাতছানি।

২০১৪ সালে জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়ী তারকাকে এবার বায়ার্ন মিউনিখের কিছু ম্যাচে দৃষ্টিকটু কিছু ভুল করতে দেখা গেছে। তবে তাতে যে তার ওপর আস্থা একটুও কমেনি, এর প্রমাণ মেলে গত সপ্তাহে, তার সঙ্গে নতুন এক বছরের চুক্তি করেছে বায়ার্ন।

দলগতভাবে অবশ্য মৌসুমটা দারুণ কাটছে নয়ার ও বায়ার্নের। টানা দ্বিতীয়বার বুন্ডেসলিগা জয়ী দলটির সামনে আছে ঘরোয়া ডাবল জয়ের সুযোগ, আগামী শনিবার তারা জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে আরেকটি উল্লেখযোগ্য নাম লেনার্ট কার্ল। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে চমক জাগানো পারফরম্যান্সে নাগেলসমানের নজর অবশ্য আগেই কেড়েছেন তিনি, ছিলেন মার্চের দুটি প্রীতি ম্যাচে। বিশ্বকাপ অভিযানেও ১৮ বছর বয়সী এই উইঙ্গারের প্রতি আস্থা রাখলেন কোচ। 

বিশ্ব সেরার মুকুট পুনরুদ্ধারের মিশনে আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে জার্মানির। ‘ই’ গ্রুপের অন্য দুই দল একুয়েডর ও কোত দি ভোয়া।

জার্মানির বিশ্বকাপ দল:

গোলরক্ষক: মানুয়েল নয়ার, অলিভার বাউমান, আলেকসান্দার নুবেল 

ডিফেন্ডার: নিকো শ্লটারবেক, ডাভিড রাউম, নাথানিয়েল ব্রাউন, জোনাথন টা, ভাল্ডামার আন্টন, পাসকেল গ্রস, ফিলিক্স মেচা, মালিক চাও, আন্টোনিও রুডিগার,

মিডফিল্ডার: ফ্লোহিয়ান ভিয়েৎস, জামাল মুসিয়ালা, লেয়ন গোরেটস্কা, আঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জসুয়া কিমিখ, আলেকসান্দার পাভলোভিচ,   

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিস উন্দাভ, লেরয় সানে, ইয়ামি লেভেলিং, নিক ভল্টামাডা, মাক্সিমিলিয়ান বাইয়ার