২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুয়েডরে গুলিতে প্রাণ গেল আরেক ফুটবলারের

দক্ষিণ আমেরিকার দেশটিতে চলতি বছর এই নিয়ে চার জন ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

একুয়েডরে ক্রমবর্ধমান সহিংসতার বলি হয়েছেন আরেকজন ফুটবলার। বন্দর নগরী হুয়ায়াকিলে গুলিতে নিহত হয়েছেন ক্লাব ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়ের একাডেমির ১৬ বছর বয়সী মিগেল নাসারেনো। 

ক্লাবটি বুধবার সামাজিক মাধ্যমে এই খেলোয়াড়ের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে। গুলিবিদ্ধ হওয়ার সময় বাড়িতে ছিলেন নাসারেনো, যিনি একই সঙ্গে মিডফিল্ডার ও ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারতেন।

পুলিশ জানিয়েছে, এলোপাথারি ছোড়া একটি গুলি লাগে নাসারেনোর শরীরে। 

দক্ষিণ আমেরিকার দেশটিতে চলতি বছর এই নিয়ে চার জন ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন।

ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়ের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলতেন নাসারেনো। বর্তমানে ইংলিশ ক্লাব চেলসিতে খেলা একুয়েডরের তারকা ফুটবলার মোইসেস কাইসেদোর পেশাদার ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল এই ক্লাবের হয়েই।