২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মিলানে পোলিশ মিডফিল্ডার জেলিনস্কি

চার বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 11:58 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

নতুন মৌসুম শুরুর আগে দল গোছাচ্ছে ইন্টার মিলান। পোল্যান্ডের মিডফিল্ডার পিওতর জেলিনস্কির সঙ্গে চার বছরের চুক্তি করেছে ইতালিয়ান ক্লাবটি।

গত জুনে নাপোলির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় জেলিনস্কির। ফ্রি এজেন্ট হিসেবে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা শনিবার নিশ্চিত করে ইন্টার মিলান।

২০১৬ সালে নাপোলিতে যোগ দেন জেলিনস্কি। দলটির তখনকার কোচ লুচিয়ানো স্পালেত্তির স্কোয়াডের মূল খেলোয়াড়দের একজন ছিলেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ৩৩ বছর পর নাপোলির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই পোলিশ।

১৭ বছর বয়সে পোল্যান্ড থেকে ইতালিতে পাড়ি জমান জেলিনস্কি। যোগ দেন উদিনেসের যুব একাডেমিতে। ক্লাবটির হয়ে ২০১২ সালের নভেম্বরে সেরি আয় অভিষেক হয় তার।

২০১৪-২০১৬ পর্যন্ত দুই মৌসুম এম্পোলিতে ধারে খেলেন তিনি। এরপর যোগ দেন নাপোলিতে।

পোল্যান্ডের হয়ে ২০১৩ সালে অভিষেক জেলিনস্কির। জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। জার্মানিতে চলতি আসরসহ তিনটি ইউরোয় খেলেছেন এই ফুটবলার। দুই বিশ্বকাপেও পোলিশদের প্রতিনিধিত্ব করেছেন তিনি।