২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের পারফরম্যান্স নিয়ে কেইন নিজেই হতাশ

পিঠে হয়তো চোট আছে-চারদিকে ওঠা এই গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যারি কেইন বললেন, ফিট আছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 09:33 AM

Updated : 26 Aug 2026, 09:51 AM

শোনা যাচ্ছে, হয়তোবা পিঠের সমস্যায় ভুগছেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, পুরোপুরি ফিট আছেন তিনি। তবে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের পারফরম্যান্সে একদমই খুশি নন তারকা স্ট্রাইকার। 

আসরে এখন পর্যন্ত পারফরম্যান্সে মন ভরাতে না পারলেও, গ্রুপের পয়েন্ট টেবিলে স্বস্তিকর অবস্থায় আছে ইংল্যান্ড। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে তারা। আগামী মঙ্গলবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা স্লোভেনিয়ার মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের দল।

ইংল্যান্ডের শক্তিশালী আক্রমণভাগ প্রথম দুই ম্যাচে পারেনি নিজেদের নামের প্রতি সুবিচার করতে। সার্বিয়ার বিপক্ষে জেতা ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন জুড বেলিংহ্যাম। 

ডেনমার্কের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে কেইন পান জালের দেখা। তবে গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ সময় কাটানো এই ইংলিশ ফরোয়ার্ডের ইউরোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে বেশ।

স্লোভেনিয়া ম্যাচ সমানে রেখে সংবাদ সম্মেলনে কেইনও করলেন আত্মসমালোচনা। তবে মনে করিয়ে দিলেন, দুই ম্যাচে এক গোল পাওয়াও মন্দ নয়।

“আমি কি এখনও নিজের সেরাটা খেলেছি? না। কিন্তু ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে কিংবা ২০২০ ইউরোর গ্রুপ পর্বে আমি গোল পাইনি। তো সেই বিবেচনায় আমার মনে হয়, এখানে এক গোল করাটা বোনাস।”

“আমি সবসবময় নিজেকে নিজেই প্রথম বিচার করি এবং অবশ্যই জানি, আমি আরও ভালো খেলতে পারি। কিন্তু এ নিয়ে আমি ভীত হই না।”

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে কেইনকে তুলে নেন ইংল্যান্ড কোচ। বায়ার্নের হয়ে বুন্ডেসলিগায় পিঠের চোটের কারণে শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। সব মিলিয়েই তাই গুঞ্জন উঠেছে, হতে পারে পিঠের সমস্যায় ভুগছেন তিনি। কেইন বললেন, তিনি ফিট আছেন, বদলির সিদ্ধান্ত কোচের।

“প্রতি ম্যাচেই আমি ভালো থেকে আরও ভালো এবং আরও ফিট হচ্ছি। বিগত টুর্নামেন্টগুলোর সময়ও আমি বলেছি, প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সেরা ছন্দে থাকতে হবে, সেটা হচ্ছে নকআউট পর্বের সময়…আমার মনে হয়, শতভাগ ফিট হয়ে নকআউট পর্বে যাওয়টা গুরুত্বপূর্ণ এবং আমি সেটা অনুভব করছি।”