বোর্নমাউথের বিপক্ষে হারল বিবর্ণ আর্সেনাল
সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের মধ্যে তৃতীয় হারের তেতো স্বাদ পেল মিকেল আর্তেতার দল।
মৌসুমের শেষ ভাগে এসে হুট করে দিক হারানো আর্সেনাল খেল আরেকটি বড় ধাক্কা। নিষ্প্রভ ফুটবলে হেরে গেল ইংলিশ প্রিমিয়ার লিগে। বোর্নমাউথের চমৎকার জয়ে শিরোপা লড়াই জমে উঠল আরও। ব্যবধান কমানোর সুযোগ পেয়ে গেল ম্যানচেস্টার সিটি।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার ২-১ গোলে হেরেছে মিকেল আর্তেতার দল। ভিক্তর ইয়োকেরেশের সফল স্পট কিকে একবার সমতা ফেরাতে পারলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আর্সেনাল।
৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্তেতার দল। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।
টানা চার জয়ের পর প্রিমিয়ার লিগে হারল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের মধ্যে হারল তৃতীয়বার। এর মধ্যে আছে এফএ কাপ ও লিগ কাপে পরাজয়। এই দুই টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে দলটি।
প্রতিপক্ষের মাঠে সপ্তদশ মিনিটে সৌভাগ্যের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। অরক্ষিত ডিফেন্ডার আন্দ্রিয়াঁ ত্রুফেরের ক্রস উইলিয়াম সালিবার পায়ে লেগে দূরের পোস্টে যায়। সেখানে অনেকটা লাফিয়ে জাল খুঁজে নেন জুনিয়র ক্রুপি।
মাত্র চতুর্থ টিনএজার হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে ১০ বা এর বেশি গোল করলেন তিনি।
৩৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান ইয়োকেরেশ। ঠিক দিকে ডাইভ দিলেও গতির জন্য পেরে ওঠেননি বোর্নমাউথ গোলরক্ষক।
ডি বক্সে রায়ান ক্রিস্টির হ্যান্ডবলে পেনাল্টি পেয়েছিল আর্সেনাল।
ঢিমে তালে শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে জালে বল পাঠান ইয়োকেরেশ। তবে তিনিই অফসাইডে থাকায় মেলেনি গোল।
৭৪তম মিনিটে ফের এগিয়ে যায় বোর্নমাউথ। ডি বক্সের বাইরে বল পেয়ে একটু সামনে এগিয়ে গতিময় শটে জাল খুঁজে নেন অ্যালেক্স স্কট। তেমন কিছু করার ছিল না আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়ার।
গোলের জন্য মরিয়া আর্সেনাল শেষ দিকে কিছু সুযোগ তৈরি করে। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বিপজ্জনক জায়গা থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ইয়োকেরেশ। পরের মিনিটে তার শট থাকেনি লক্ষ্যে।
