২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মাঝে রেয়ালের অনুশীলনে ভিনিসিউস

আর এতে চলতি গ্রীষ্মে ব্রাজিলিয়ান এই তারকাকে আর্সেনালের দলে টানার পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে।

ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মাঝে রেয়ালের অনুশীলনে ভিনিসিউস
ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 07:56 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

রেয়াল মাদ্রিদে ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা গুঞ্জন কিছুটা কমেছে। নানা জল্পনা-কল্পনার মাঝে বিশ্বকাপ-পরবর্তী বিরতি শেষে আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ক্লাবটির অনুশীলনে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। আর এতে চলতি গ্রীষ্মে তাকে আর্সেনালের দলে টানার পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে।

উত্তর আমেরিকার বিশ্বকাপ শেষে সোমবার রেয়ালের সঙ্গে যোগ দেন ভিনিসিউস। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো একটি ভিডিওতে দেখা যায় কালো রঙের একটি বিএমডব্লিউতে চড়ে ভালদেবেবাস কমপ্লেক্সে ঢুকছেন তিনি।

পরে এক বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি জানায়, অনুশীলনে শুরু করার আগে ‘সকালে মেডিকেল চেক-আপ’ করিয়েছেন ২৬ বছর বয়সী ভিনিসিউস। ক্লাবে তার ফেরা ইঙ্গিত দিচ্ছে, নতুন কোচ জোসে মরিনিয়োর কোচিংয়ে ২০২৬-২৭ মৌসুমের জন্য নিজেকে তৈরি করায় মনোযোগ দিচ্ছেন তিনি।

তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনও পুরোপুরি থামেনি। কারণ, ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেননি তিনি। বর্তমান চুক্তির মেয়াদ বাকি কেবল এক বছর। তার নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণের সম্ভাবনা নিয়েও তাই চলছে আলোচনা।

গণমাধ্যমের খবর, ভিনিসিউসের চুক্তির মেয়াদ বাড়ানোর আগের প্রস্তাবে যে সুযোগ সুবিধার কথা বলেছিল রেয়াল, সেই পরিকল্পনা থেকে নাকি সরে এসেছে ক্লাবটি। শুধু তাই নয়, নতুন চুক্তি না করলে, এই গ্রীষ্মেই তাকে বিক্রি করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে রেয়াল।

এসবের মাঝে শোনা যাচ্ছে, ভিনিসিউসকে খুব করে দলে পেতে চায় আর্সেনাল। তবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এখনও নাকি কোনোরকম যোগাযোগ করেনি। তবে স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আর্সেনাল কোচ মিকেল আর্তেতা নিজে ভিনিসিউসকে দলে টানার চেষ্টা চালাচ্ছেন। গুঞ্জন রয়েছে, সরাসরি এই উইঙ্গারের সঙ্গে যোগাযোগ করে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ভিনিসিউসকে নাকি আর্তেতা বোঝানোর চেষ্টা করেছেন, আর্সেনালের পুরো প্রকল্পই তাকে কেন্দ্র করে গড়ে তোলা হবে।

ভিনিসিউস রেয়ালে অনুশীলন শুরু করেছেন এবং নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। তবু পরিস্থিতি বদলালে সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আর্সেনাল। রেয়ালের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করা না পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে তার পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে জল্পনা চলতেই থাকবে।

২০১৮ সালে টিনএজার হিসেবে রেয়ালে যোগ দেন ভিনিসিউস। ক্লাবটিতে শুরুর দিকে তার মানিয়ে নিতে বেশ সময় লাগলেও, পরে সময়ের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ফাইনালে গোল করেন তিনি। ২০২৪ সালে ব্যালন দ’রের লড়াইয়ে হন রানার্সআপ এবং ওই বছরের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তিনি।