সেই ক্যামেরাম্যানের কাছে ক্ষমা চেয়েছেন গুয়ার্দিওলা
নিজের আচরণের জন্য বিব্রত বোধ করছেন ম্যানচেস্টার সিটি কোচ।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দলের হারের পর টেলিভিশন ক্যামেরা অপারেটরের সঙ্গে আচরণের জন্য বিব্রত পেপ গুয়ার্দিওলা। তখনই ক্যামেরাম্যানের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানালেন ম্যানচেস্টার সিটির কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে গত শনিবার নিউক্যাসলের মাঠে ২-১ গোলে হেরে যায় ম্যানচেস্টার সিটি।
রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে ম্যাচজুড়েই বারবার অসন্তুষ্টি জানাতে দেখা যায় গুয়ার্দিওলা ও তার কোচিং স্টাফদের। ম্যাচ শেষে রেফারি, নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারাইস ও একজন ক্যামেরাম্যানের সঙ্গে কিছুটা উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায় এই স্প্যানিশ কোচকে।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে সেদিনের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে গুয়ার্দিওলা বলেন, নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
“ফুটেজটি দেখে নিজের আচরণের জন্য বিব্রত বোধ করেছি আমি। আমি এটা পছন্দ করি না। একটু পরই ক্যামেরাম্যানের কাছে ক্ষমা চেয়েছি।”
“আমি যা আছি তাই। এক হাজার ম্যাচে কোচিং করানোর পরও আমি নিখুঁত ব্যক্তি নই, আমিও বড় ভুল করি। নিশ্চিতভাবে যে কোনো দল ও আমার ক্লাবকে রক্ষা করি আমি। কারণ আমি আমার দল ও আমার ক্লাবকে রক্ষা করতে চাই।”
