টানা সপ্তমবার স্পেনের চ্যাম্পিয়ন বার্সেলোনার মেয়েরা
সর্বোচ্চ লিগ শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল বার্সেলোনা।
নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে উড়িয়ে আবারও স্পেনের নারী ফুটবলের শীর্ষ লিগ লিগা এফ জিতল বার্সেলোনা। সর্বোচ্চ লিগ শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল তারা।
পুরুষদের লা লিগার সমতুল্য এই প্রতিযোগিতায় বুধবার প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে জিতে, চার রাউন্ড বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে ফেলে বার্সেলোনা।
এই নিয়ে টানা সপ্তম ও সব মিলিয়ে ১১ বার লিগ শিরোপা জিতল বার্সেলোনার মেয়েরা। পাঁচবারের বেশি জিততে পারেনি আর কোনো দল। রেয়াল মাদ্রিদ এখনও পায়নি শিরোপার স্বাদ।
এবারের আসরে ২৬ ম্যাচের ২৫টিই জিতে বার্সেলোনার পয়েন্ট এখন ৭৫। তাদের একমাত্র হারটি গত নভেম্বরে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেয়াল মাদ্রিদ।
মৌসুমে চার শিরোপার সবকটি জয়ের পথে ভালোভাবেই টিকে আছে বার্সেলোনা। লিগের আগে গত জানুয়ারিতে তারা জিতেছে সুপার কাপ।
আগামী মাসে কোপা দে লা রেইনার ফাইনালে বার্সেলোনা খেলবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। আর চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে আগামী শনিবার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা।
