২ ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুইয়া
অসদাচরণের দায়ে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের এই খেলোয়াড়কে ৮০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।
প্রতিপক্ষ দলের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে কঠিন শাস্তি পেলেন মাথেউস কুইয়া। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের এই ফরোয়ার্ডকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
গত ১৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় উলভস। ওই ম্যাচ শেষে প্রতিপক্ষের ওই সদস্যকে কনুই দিয়ে আঘাত করেন এবং তার চশমা কেড়ে নেন কুইয়া।
ওই অসদাচরণের দায়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৮০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।
নতুন বছরের শুরুতে কুইয়াকে হারানো উলভসের জন্য বড় ধাক্কা। ওই ঘটনার পর লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের জয়ে গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড, গত রোববার টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ ড্র ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
নিষেধাজ্ঞার ফলে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট ও এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে এবারের লিগে এখন পর্যন্ত ১০ গোল করা কুইয়াকে পাবে না উলভস।
১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে উলভস, অবনমন অঞ্চল থেকে ১ পয়েন্ট ওপরে।
