২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউক্যাসলের বিপক্ষে ইয়ামালের খেলার সম্ভাবনা আরও ফিকে

মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার অভিযান শুরুর ম্যাচে স্প্যানিশ তারকার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

নিউক্যাসলের বিপক্ষে ইয়ামালের খেলার সম্ভাবনা আরও ফিকে
বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 07:00 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

জাতীয় দল থেকে চোট নিয়ে ফেরায় ক্লাবের আগের ম্যাচে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। এখনও পুরোপুরি ফিট না হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও হয়তো তাকে পাবে না বার্সেলোনা।

মুন্দো দেপোর্তিভোর খবর, ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে মঙ্গলবার সকালে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি। 

আর একারণেই নিউক্যাসলের বিপক্ষে এবারের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার প্রথম ম্যাচে ইয়ামালকে নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ইংলিশ ক্লাবটির মাঠে শুরু হবে ম্যাচটি।  

ব্যথা নিয়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ইয়ামাল। তখন তাকে ব্যথানাশক ওষুধ দিয়ে খেলানো হয়েছিল স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। মূলত এ কারণে তার অবস্থা আরও খারাপ হয়েছে।

জাতীয় দল থেকে ফেরার পরই ইয়ামালের কুঁচকির চোট ধরা পড়ে। বিষয়টি নিয়ে কিছুদিন আগে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এ কারণেই লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তরুণ তারকা। 

ভালেন্সিয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনেই অবশ্য নিউক্যাসলের বিপক্ষেও ইয়ামালের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন।