২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে হলান্ড, শীর্ষে ম‍্যানচেস্টার সিটি

ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেডকে হারিয়ে আপাতত চূড়ায় উঠে এলো পেপ গুয়ার্দিওলার দল।

জোড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে হলান্ড, শীর্ষে ম‍্যানচেস্টার সিটি
দারুণ ছন্দে এগিয়ে চলেছেন আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 10:59 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ছন্দে থাকা আর্লিং হলান্ড করলেন জোড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন নরওয়ের স্ট্রাইকার। তার প্রাপ্তির দিনে ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেডকে হারিয়ে আপাতত শীর্ষে উঠল ম‍্যানচেস্টার সিটি। 

ঘরের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। হলান্ডের জোড়া গোলের মাঝে তার কাছ থেকেই বল পেয়ে জালের দেখা পেয়েছেন টিজার রেইন্ডার্স। 

১৭ ম‍্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে সিটি। ১৬ ম‍্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে আর্সেনাল। শনিবারই নিজেদের ম‍্যাচ জিতে ফের ২ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ আছে মিকেল আর্তেতার দলের সামনে।   

ইতিহাদ স্টেডিয়ামে পঞ্চম মিনিটে এগিয়ে যায় সিটি। ফিল ফোডেনের কাছ থেকে বল পেয়ে গতিময় শট নেন হলান্ড। ঝাঁপিয়ে ফেরান ওয়েস্ট হ‍্যাম গোলরক্ষক আলফুঁস আরিওলা। ফিরতি বলে তারকা স্ট্রাইকারের শট আর ফেরাতে পারেননি তিনি। 

এই গোলে প্রিমিয়ার লিগে গোলের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোকে স্পর্শ করেন হলান্ড। দুই মেয়াদে ম‍্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পর্তুগিজ মহাতারকা করেন ১০৩ গোল। 

পরের আধ ঘণ্টায় গোলের জন‍্য তিনটি শট নিয়ে একটিও লক্ষ‍্যে রাখতে পারেননি হলান্ড। নিজেদের একটু গুছিয়ে নিলেও স্বাগতিকদের রক্ষণের তেমন একটা পরীক্ষা নিতে পারেনি সিটির মাঠে আগের ১৬ ম‍্যাচের ১৫টিতেই হারা ওয়েস্ট হ‍্যাম। 

৩৮তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করে সিটি। যে গোলে বড় অবদান হায়ান শের্কির। প্রতিপক্ষের একজনের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। নিজে শট না নিয়ে খুঁজে নেন হলান্ডকে। শট নেননি ছন্দে থাকা এই স্ট্রাইকারও। তার কাছ থেকে বল পেয়ে অনায়াসে বাকিটা সারেন রেইন্ডার্স। 

বিরতির পর ডাবল সেভে ব‍্যবধান ধরে রাখেন জানলুইজি দোন্নারুম্মা। প্রথমার্ধে গোলের জন‍্য কোনো শট করতে না পারা ওয়েস্ট হ্যাম দ্বিতীয়ার্ধের শুরুতেই পায় সুযোগ। ৪৭তম মিনিটে ক্রিজানসিয়ো সামারভিল ও ফ্রেডি পটসের শট ঝাঁপিয়ে ফেরান দোন্নারুম্মা। পরে আলগা বলে শট লক্ষ‍্যে রাখতে পারেননি মাথেউস ফের্নান্দেস।

উজ্জ্বীবিত ফুটবলে সিটির সঙ্গে সমানে-সমান লড়াই করছিল ওয়েস্ট হ‍্যাম। সুযোগও তৈরি করছিল সফরকারীরা। কিন্তু তারা সেগুলো কাজে লাগাতে পারেনি। উল্টো ৬৯তম মিনিটে আরও পিছিয়ে পড়ে ওয়েস্ট হ‍্যাম। 

সাভিনিয়োার কাছ থেকে বল পেয়ে রিকো লুইস খুঁজে নেন হলান্ডকে। বল নাগালে পেয়েও ঠেকাতে পারেননি ওয়েস্ট হ‍্যামের জঁ ক্লেয়ার তোদিবো। অরক্ষিত হলান্ড বাকিটা সারেন অনায়াসে। 

দলকে ৩-০ গোলে এগিয়ে নেওয়ার সঙ্গে রোনালদোকে ছাড়িয়ে যান নরওয়ের তারকা। 

৭৬তম মিনিটে সামারভিলের শট হাত বাড়িয়ে কোনোমতে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন দোন্নারুম্মা। ৮২তম মিনিটে ফোডেন ও দুই মিনিট পর সাভিনিয়োর শট ঠেকিয়ে ব‍্যবধান বাড়তে দেননি আরিওলা।

যোগ করা সময়ে হ‍্যাটট্রিকের দারুণ সুযোগ হাতছাড়া করেন হলান্ড।  তার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে!