২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ককে বাদ দিয়ে বিশ্বকাপে যাচ্ছে তিউনিসিয়া

নতুন কোচের দলে আছে কিছু চমক জাগানো নামও।

অধিনায়ককে বাদ দিয়ে বিশ্বকাপে যাচ্ছে তিউনিসিয়া
বিশ্বকাপে খেলা হচ্ছে না ফেরজানি সাস্সির। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 07:25 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

এতদিন দলকে নেতৃত্ব দেওয়া ফেরজানি সাস্সির জায়গা হয়নি বিশ্বকাপ দলে! আসছে বৈশ্বিক আসরের জন্য আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন তিউনিসিয়ার কোচ সাবরি লামুচি।  

জুন-জুলাইয়ের উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন দলটির নতুন প্রধান কোচ। আরও ডাক পাননি অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন মেরিয়াহ।

জাতীয় দলের হয়ে ১০১টি ম্যাচ খেলেছেন সাস্সি। আর মেরিয়াহ খেলেছেন ৯৯টি।

সবশেষ আফ্রিকান নেশন্স কাপে তিউনিসিয়া ছিটকে পড়ে শেষ ষোলো থেকে, ওই ব্যর্থতায় দায়ে জানুয়ারিতে ছাঁটাই হন ওই সময়ের কোচ সামি ত্রাবেল্সি। 

এরপর দায়িত্ব পান লামুচি এবং গত মার্চে হাইতি ও কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে দলের সবার পারফরম্যান্স বিশ্লেষণ করেন তিনি এবং তারই ভিত্তিত্তে তিনি বিশ্বকাপের স্কোয়াড গড়লেন।

দলে আসাদের মধ্যে অবাক করা দুটি নামও আছে; ২১ বছর বয়সী রাইট উইঙ্গার খালিল আইয়ারি ও টিনএজার রায়ান এলুমি। এই দুইজনই জাতীয় দলের হয়ে দুটি করে ম্যাচ খেলেছেন, মার্চের ওই দুটি।

এবার দিয়ে সপ্তমবার বিশ্বকাপ খেলবে তিউনিসিয়া। ‘এফ’ গ্রুপে তারা খেলবে সুইডেন, জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে।