২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোটে জর্জর বার্সেলোনা, কারণ কী?

সমস্যার সমাধান খুঁজতে কয়েক দফায় আলোচনায় বসেছে কাতালান ক্লাবটির কোচিং ও ফিটনেস স্টাফরা।

চোটে জর্জর বার্সেলোনা, কারণ কী?
একের পর এক চোটের আঘাতে প্রভাব পড়তে শুরু করেছে বার্সেলোনার পারফরম্যান্সে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

মৌসুমের প্রথম আড়াই মাসে বার্সেলোনার মূল দলের ২৩ জনের ১৩ জনই কোনো না কোনো চোটে পড়েছেন অথবা কেউ কেউ এখনও ভুগছেন। সবশেষ ছিটকে গেছেন মাঝমাঠের ভরসা পেদ্রি। ফিফা ক্লাব বিশ্বকাপের ব্যস্ততা না থাকায় ভালোভাবেই প্রাক-মৌসুমে প্রস্তুতি নিতে পারে দলটি, তারপরও এত এত চোটের ঘটনা!

চোট পেয়ে বর্তমানে খেলার বাইরে আছেন আট জন। অবশ্য আক্রমণভাগের দুই ভরসা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি ও অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমো সুস্থ হয়ে এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন। আগামী রোববার ঘরের মাঠে ম্যাচটি খেলবে হান্সি ফ্লিকের দল।

তবে এতে দলটির দুর্দশা কমছে না। বড় দুর্ভাবনাটা আসলে এত অল্প সময়ে এত বেশি চোটের ঘটনা এবং এর পেছনের কারণের মধ্যে লুকিয়ে। গত মৌসুমের পুরোটা সময়ে মোট ২৬টি চোটের ঘটনা ঘটেছিল বার্সেলোনার তাঁবুতে, সেখানে এবার আড়াই মাসেই হয়ে গেল এর অর্ধেক!

বিষয়টি ভাবিয়ে তুলেছে ক্লাবের কোচ-চিকিৎসক এবং কর্তাদের। কারণ, এত বেশি চোটের প্রভাব যে এরই মধ্যে পারফরম্যান্স ও ম্যাচের ফলে পড়তে শুরু করেছে। কারণ খুঁজতে কয়েক দফায় আলোচনায় বসেছে তারা এবং সমস্যার সমাধানে কিছু উপায়ও পেয়েছে।

আগেও অনেকবার গণমাধ্যমে উঠে আসা অতিরিক্ত ম্যাচের চাপের বিষয়টি এখানেও উঠে এসেছে।

এই যেমন ক্লাব ও জাতীয় দল মিলে টানা ৫৩ ম্যাচ খেলার পর চোটে পড়েছেন পেদ্রি। গত ২৬ জানুয়ারি শেষ কোনো ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি।

ফুটবলারদের ম্যাচ খেলার চাপ, বিশ্রাম, রিকভারি ও ভ্রমণক্লান্তির মতো বিষয় নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন (ফিফপ্রো)। বার্সেলোনার মিটিংয়ে ওই প্রতিবেদনের বিভিন্ন দিকও উঠে এসেছে এবং বিষয়গুলো একজন খেলোয়াড়ের ওপর কেমন প্রভাব ফেলছে, সেসবও বিবেচনায় নেওয়া হয়েছে। 

বার্সেলোনার এই ১৩ চোটের প্রায় অর্ধেক, ছয়টি ঘটেছে যখন এই খেলোয়াড়রা ছিলেন জাতীয় দলে (লামিনে ইয়ামাল, দানি ওলমো, ফ্রেংকি ডি ইয়ং, রবের্ত লেভানদোভস্কি, ফেররান তরেস ও মার্ক-আন্ড্রে টের স্টেগেন)। 

এদের মধ্যে একমাত্র ব্যতিক্রম জার্মান গোলরক্ষক টের স্টেগেনের বিষয়। পিঠের নিচের দিকে অস্ত্রোপচারের পর সেরে ওঠার লড়াইয়ের মাঝেই নতুন করে চোটে পড়েন তিনি।

বিশেষজ্ঞদের ধারণা, খেলোয়াড়দের ওপর চাপের মাত্রা ক্লাব ও জাতীয় দলে ভিন্ন। এছাড়া, ক্লাবে তাদের সবকিছু যেভাবে পর্যবেক্ষণ করা হয়, জাতীয় দলে সেভাবে হয় না এবং ক্লাবেই তো মৌসুমের বেশিরভাগ সময় কাটান ফুটবলাররা।

দুই জায়গার কোচিং স্টাফ ও ফিটনেস কোচরা অবশ্য এই বিষয়ে একমত যে, খেলোয়াড়দের ওপর চাপ কমাতে হবে, নয়তো চোটের ঝুঁকি থেকেই যাবে।

খেলোয়াড়রা একের পর এক চোট পাওয়ায় বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক নিয়মিত খেলোয়াড় অদল-বদল করিয়ে খেলানোর পরিকল্পনা ঠিকভাবে প্রয়োগ করতেও পারছেন না। তাতে আবার অন্যদের ওপর চাপ বেড়ে যাচ্ছে। সবকিছু মিলে দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ছে।

লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে যেমন তারা পিছিয়ে পড়েছে। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্লিকের দল, শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে।