২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ প্রতিভা নোয়ানেরিতে মুগ্ধ আর্তেতা

১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারকে স্তুতিতে ভাসিয়েছেন আর্সেনাল কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 04:32 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

বুকায়ো সাকা ফিট থাকলে হয়তো খেলা হতো না ইথান নোয়ানেরির। সতীর্থের চোটে পাওয়া সুযোগ দারুণভাগে কাজে লাগাচ্ছেন আর্সেনালের এই অ্যাটাকিং মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে জিরোনার বিপক্ষে তো তার গোলই গড়ে দিয়েছে ব্যবধান। ম্যাচ শেষে তাই নোয়ানেরিকে স্তুতিতে ভাসিয়েছেন কোচ মিকেল আর্তেতা। 

জিরোনার মাঠে প্রাথমিক পর্বের শেষ ম্যাচের শুরুটা ভালো হয়নি আর্সেনালের। ২৮তম মিনিটে পিছিয়ে তারা। ১০ মিনিট পর পেনাল্টি থেকে জর্জিনিয়োর গোলে সমতা ফেরায় ইংলিশ ক্লাবটি।

৮ মিনিট পর নোয়ানেরির চমক। ডি-বক্সের বাইরে থেকে গতিময় শটে জাল খুঁজে নিয়ে আর্সেনালকে উল্লাসে মাতান ১৭ বছর বয়সী এই ফুটবলার। শুধু গোলই নয়, ম্যাচ জুড়ে মাঠে তার বিচরণও ছিল নজর কাড়ার মতো।

৮ বছর বয়সে আর্সেনাল যোগ দেন নোয়ানেরি। ক্লাবটির একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার গত মৌসুমে সুযোগ পান মূল দলে। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ‍্যে খেলেছেন ২১ ম্যাচ, বেশিরভাগই বদলি হিসেবে। তরুণ এই প্রতিভা গোল করেছেন ৬টি।

গত ডিসেম্বরে হ্যামস্ট্রিং চোটে সাকা ছিটকে পড়ার পর একের পর এক ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন নোয়ানেরি। জিরোনা ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার সুযোগ পান তিনি শুরুর একাদশে। সেখানেই ছড়ালেন আলো।

ম্যাচ শেষে নোয়ানেরির পারফরম্যান্সের প্রশংসা করেন আর্তেতা।

“যখন সে বল পায় তখন খুব আক্রমণাত্মক এবং অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠে…সব দিক থেকে গোল করার সামর্থ্য তার আছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা গোল ছিল।”

“এটা তার জন্য খুব স্বাভাবিক। আপনি দেখবেন, সে যেভাবে বল পায়ে নেয়, যেভাবে প্রতিপক্ষকে পরাস্ত করে এবং তারপর তার যে কৌশল রয়েছে, সে তার ফিনিশিংয়ে খুব নিখুঁত। তাকে ওই রকম পরিস্থিতিতে ফেললে ফলাফল ভালোই হবে।”

গোল পার্থক্যে পিছিয়ে তৃতীয় হয়ে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব শেষ করেছে আর্সেনাল।