মৌসুমে ১০০ গোল করলেও লাভ নেই, কেইনের চাওয়া দলীয় শিরোপা
ব্যালন দ’র জয়ের স্বপ্ন পূরণে গোলের জোয়ার বইয়ে দেওয়ার পাশাপাশি দলীয় ট্রফিও প্রয়োজন, বললেন হ্যারি কেইন।
গোলের সঙ্গে হ্যারি কেইনের সখ্য বরাবরের। তবে সেই সম্পর্ক যেন নতুন উচ্চতা ছুঁয়েছে এই মৌসুমে। ক্লাবের হয়ে হোক বা দেশের জার্সিতে, গোলের মালা গেঁথে চলেছেন তিনি। তবে ব্যালন দ’র জয়ের স্বপ্ন পূরণে স্রেফ গোলের পর গোলই যথেষ্ট নয়, দলীয় ট্রফি জয়ের বিকল্প নেই তার চোখে।
এই মৌসুমে কেইন ছুটছেন অপ্রতিরোধ্য গতিতে। বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচেই গোল করে ফেলেছেন ২৩টি। ইংল্যান্ডের হয়ে পাঁচ ম্যাচে করেছেন তিন গোল। লাটভিয়ার বিপক্ষে গত মাসে ৫-০ গোলের জয়ে গোল করেন তিনি দুটি, যে ম্যাচ জিতে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইংলিশরা।
এরপর গত বৃহস্পতিবার তারা সার্বিয়াকে হারায় ২-০ গোলে। বাছাইপর্বে আলবেনিয়ার বিপক্ষে ম্যাচ এখনও বাকি ইংল্যান্ডের। বিশ্বকাপে পৌঁছে গেলেও ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ নিজেদের আরও শাণিত করার জন্য। কেইনের জন্যও জরুরি গোলের ধারা ধরে রাখতে।
যেভাবে তিনি ছুটছেন, ব্যালন দ’র জয়ের সম্ভাব্য একজন হিসেবেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখনই। কেইন নিজেও মনের কোণে পুষে রেখেছেন স্বপ্নটি। তবে শুধু ব্যক্তিগত পারফরম্যান্সই যে যথেষ্ট নয়, তা বলে দিলেন জোর দিয়েই।
“এই মৌসুমে আমি ১০০ গোল করতে পারি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ বা বিশ্বকাপ যদি জিততে না পারি, তাহলে হয়তো ব্যালন দ’র জিততে পারব না। একই কথা বলা যায় (আর্লিং) হলান্ডের ক্ষেত্রেও বা যে কোনো ফুটবলারের ক্ষেত্রে। বড় ট্রফিগুলো জিততে হবে।”
“বায়ার্ন মিউনিখে এখন আমরা খুব ভালো অবস্থায় আছি। ইংল্যান্ড দলও। এটা হয়তো আপাতত পরিস্থিতি আমার পক্ষে রেখেছে একটু বেশি হলেও। আশা করি… যদি ক্লাব ও দেশের হয়ে সবকিছু এভাবে এগোতে থাকে, তাহলে ব্যালন দ’রের মতো ট্রফির আলোচনায় নিশ্চিতভাবেই থাকব আমি।”
ব্যালন দ’র অনেক দূরের পথ এখনও। আপাতত মৌসুমের শুরুটা যেভাবে হয়েছে, তাতে তিনি উচ্ছ্বসিত।
“পুরো ক্যারিয়ারেই অসংখ্য ভালো সময় কাটিয়েছি আমি। তবে এখন সব মিলিয়ে আমার মনে হয়, শারীরিকভাবে, মানসিকভাবে এবং অবশ্য গোল যেভাবে আসছে, খেলায় যতটা সম্পৃক্ত হতে পারছি, অন্য যে কোনো বছরের চেয়ে তা হয়তো বেশি। সবকিছুই খুব ভালোভাবে হচ্ছে।”
