এমবাপের ছন্দহীনতা নিয়ে উদ্বিগ্ন নন ফ্রান্স কোচ
দিদিয়ে দেশমের বিশ্বাস, শিগগিরই চেনা রূপে ফিরবেন বিশ্বকাপ জয়ী তারকা।
জাতীয় দল কিংবা ক্লাব, কোথাও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না কিলিয়ান এমবাপে। তারকা এই ফরোয়ার্ডের ছন্দহীনতা নিয়ে অবশ্য চিন্তিত নন ফ্রান্সে কোচ দিদিয়ে দেশম। তার বিশ্বাস, শিগগিরই আপন চেহারায় ফিরবেন বিশ্বকাপ জয়ী ফুটবলার।
জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নাকে চোট পান এমবাপে। পরের ম্যাচে খেলতে পারেননি তিনি। এরপর মাস্ক পরে মাঠে নামতে হয় তাকে। সেমি-ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শেষ হয় ফ্রান্সের। আসরে দলের ছয় ম্যাচের পাঁচটিতে খেলে স্রেফ একটি গোল করতে পারেন এমবাপে।
চলমান নেশন্স লিগেও নিজের ছায়া হয়ে আছেন তিনি। ইতালির বিপক্ষে ৩-১ গোলে হারা ম্যাচে ৯০ মিনিট খেলেও জালের দেখা পাননি দলের সবচেয়ে বড় তারকা। পরে সোমবার বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে তাকে আর অতোঁয়ান গ্রিজমানকে শুরুর একাদশে রাখেনি দেশম।
বদলি হিসেবে ৬৭ মিনিটে এমবাপেকে মাঠে নামান কোচ। নিজের সেরা সময়ের কিছুটা ঝলক দেখান তিনি। শেষ ১০ মিনিটে দুইবার গোলের চেষ্টা করেন ২৫ বছর বয়সী এই ফুটবলার; কিন্তু জালের দেখা পাননি। ম্যাচ শেষে এমবাপেকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন দেশম।
“তাকে নিয়ে ফরাসি দল সবসময়ই শক্তিশালী হবে এবং আমি নিশ্চিত যে এক মাসের মধ্যে সে আরও ভালো করবে।”
“ক্লাবে তার কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। কিলিয়ানকে নিয়ে আমার কোনো চিন্তা নেই।”
পিএসজি ছেড়ে চলতি মৌসুমে রেয়াল মাদ্রিদে যোগ দিয়ে সেখানেও গোল খরায় ভুগতে দেখা যায় এমবাপেকে। লা লিগায় এখন পর্যন্ত দলের চারটি ম্যাচেই খেলেন এই ফরোয়ার্ড। লিগে নিজের প্রথম গোল পেতে তাকে অপেক্ষা করতে হয় চতুর্থ ম্যাচ পর্যন্ত, সবশেষ ম্যাচে রেয়াল বেতিসের বিপক্ষে দুটি গোল করেন এমবাপে।
