১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

‘যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই’, ফাহামিদুল প্রসঙ্গে বললেন ক্রীড়া উপদেষ্টা

ভারত ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনের সময় হোটেলের বাইরে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম বাদ পড়া নিয়ে প্রতিবাদ জানাতে আসেন সমর্করা।

‘যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই’, ফাহামিদুল প্রসঙ্গে বললেন ক্রীড়া উপদেষ্টা
হামজা চৌধুরীকে নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

সৌদি আরবে ক্যাম্প শেষ করে ফাহামিদুল ইসলাম সেখান থেকেই ফিরে যাওয়ার পর থেকে ক্ষোভ প্রকাশ করছেন একদল সমর্থক। ইতালির সেরি ডি’তে খেলা এই ফরোয়ার্ড ‘সিন্ডিকেটের’ কারণে দলে জায়গা পাননি, এমন অভিযোগের তীর ছুঁড়তে থাকে তারা। বিষয়টি দৃষ্টিগোচর হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকের পর ফাহামিদুল প্রসঙ্গে তিনি বলেছেন, যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই।

হাভিয়ের কাবরেরার দেওয়া ৩৮ জনের প্রাথমিক দলে ছিলেন ফাহামিদুল। পরে ৩০ জনকে নিয়ে বাংলাদেশ কোচ ক্যাম্প শুরু করলে সেখানেও ছিলেন ইতালি প্রবাসী এই ফরোয়ার্ড। গত ১০ মার্চ সৌদি আরবের ক্যাম্পে যোগ দেন তিনি। একটি ‘ক্লোজড ডোর’ প্রীতি ম্যাচে তার হ্যাটট্রিক করার খবরও চাউর হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।

বিপত্তির শুরু সৌদি আরবের ক্যাম্প শেষ করে দল ঢাকায় ফেরার পর। ফাহামিদুলের প্রশংসা করলেও এই তরুণের ‘আরও সময় প্রয়োজন’ বলে তাকে দলের বাইরে রাখেন কাবরেরা। বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূইয়াও ১৭ বছর বয়সী ফাহামিদুলের প্রশংসা করেন, তবে কোচের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও বলেন তিনি।

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাহামিদুলের এই ম্যাচে খেলার আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু এই ফরোয়ার্ডকে দলের বাইরে দেখে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। সামজিক যোগাযোগের মাধ্যমে গত কয়েকদিন ধরে ক্ষোভ উগরে দিতে থাকেন তারা। বুধবার সংবাদ সম্মেলনের সময়ও ‘হামজার বাংলায় সিন্ডিকেটের ঠাঁই নাই’, ‘আমার-তোমার বাংলায়, সিন্ডিকেটের ঠাঁই নাই’ব্যানার-প্ল্যাকার্ডে এসব স্লোগান নিয়ে প্রতিবাদ জানাতে হোটেলের বাইরে অবস্থান নেন সমর্থকরা।

বিষয়টি নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে কথা বলবেন বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  উপদেষ্টা। এদিন হামজা চৌধুরীকে সাথে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। পরে ক্রীড়া উপদেষ্টা সমর্থকদের অভিযোগের ব‍্যাপারে নিজের অবস্থান জানান।

“দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।”

বাফুফে সভাপতি ফাহামিদুলকে নিকট ভবিষ্যতেই সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছেন।

“ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।”

“সৃষ্ট সংকট কোনো সংকট নয়, ফাহামিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি, ও প্রতিভাবান; তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলব, হতাশ হওয়ার কিছু নেই।”