২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কৌশল পরিবর্তনের জন্য পোপও পারবেন না আমাকে রাজি করাতে’

শত চাপের মুখেও হুবেন অ্যামুরির আশা, দলকে আমূল বদলে ফেলার যথেষ্ট সময় পাবেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 03:48 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

পেছনের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি পূরণের কোনো আভাস নেই। উল্টো দিনে দিনে যেন আরও খারাপ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের পথচলা। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে কোচ হুবেন অ্যামুরির ওপর। এমতাবস্থায় তিনি কি বদলে ফেলবেন তার বিতর্কিত ফরমেশন? প্রশ্ন শুনেই পর্তুগিজ কোচ জানিয়ে দিলেন, কখনোই নয়।

যে কৌশলে সাবেক ক্লাব স্পোর্তিং লিসবনে দুর্দান্ত সব সাফল্য পেয়েছেন, নজর কেড়েছেন ইউনাইটেডের কর্তাদের, সেই কৌশলে এখানেও সাফল্য মিলবে-দৃঢ় বিশ্বাস অ্যামুরির। তাইতো জোর দিয়ে বললেন, এমনকি পোপ নিজেও কৌশল বদলানোর জন্য আমাকে রাজি করাতে পারবেন না।

প্রিমিয়ার লিগের ইতিহাসে গত মৌসুমে সবচেয়ে বাজে ফল (৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম) করার পর, এবার দলকে পথে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যামুরি। কিন্তু প্রথম মাসেই সব আশা ভেস্তে যেতে বসেছে।

আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে পরাজয়ে মৌসুম শুরুর পর, ফুলহ্যামের সঙ্গে কোনোমতে ড্র করতে পারে ইউনাইটেড। এরপরই সবচেয়ে বড় ধাক্কাটা খায় তারা; চতুর্থ সারির দল গ্রিমসবি টাউনের বিপক্ষে টাইব্রেকারে হেরে ছিটকে পড়ে লিগ কাপের শুরুতেই।

প্রিমিয়ার লিগে ফিরে বার্নলিকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে কক্ষপথে ফেরার ইঙ্গিত দেয় অ্যামুরির দল। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরে, ম্যানচেস্টার সিটির মাঠে সাদামটা পারফরম্যান্সে হেরে যায় ৩-০ গোলে।

টানা ব্যর্থতায় ওল্ড ট্র্যাফোর্ডে অ্যামুরির অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছে। শিগগিরই ছাঁটাই হতে পারেন তিনি, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এর মাঝেই গত বৃহস্পতিবার হঠাৎ করেই ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটনে হেলিকপ্টারে উড়ে যান ক্লাবটির মালিকদের একজন স্যার জিম র‍্যাটক্লিফ।

এতে ওই গুঞ্জন পায় নতুন মাত্রা। যদিও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, র‌্যাটক্লিফের আগমন ‘পুর্ব-নির্ধারিত’ ছিল।

পরে এই বিষয়ে প্রশ্ন শুনে অ্যামুরি বেশ হালকা মেজাজেই কথা বলেন। হাসিমুখে বলেন, “তিনি আমাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছেন।”

এরপরই তার কাছে জানতে চাওয়া হয়, র‌্যাটক্লিফ কি তাকে ৩-৪-২-১ ফর্মেশনে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন? এই প্রশ্নেও বেশ মজা করে উত্তর দেন অ্যামুরি।

“না, না, না। কেউ (এমন কিছু) বলেনি। এমনকি পোপও এটার পরিবর্তন…”

“এটা আমার দায়িত্ব। এটা আমার জীবন। সুতরাং, আমি এর পরিবর্তন করব না।”

তার নিজের সিদ্ধান্তে অটল থাকার কারণটাও সেই একই, এবং পরিষ্কার। তার ভাবনা, যদি তিনি চাপে নুইয়ে পড়েন, তাহলে খেলোয়াড়দের চোখে তার অবস্থান নড়বড়ে হয়ে যাবে। 

“আমি যদি খেলোয়াড় হতাম এবং আমার একজন কোচ থাকত, যিনি অনেক চাপে আছেন এবং সারা বিশ্বের মানুষ তাকে বলছে ‘তোমার এই কৌশলের পরিবর্তন দরকার’ এবং (চাপে পড়ে) তিনিও বললেন ‘আমি পরিবর্তন আনব’ তাহলে খেলোয়াড়রা আমাকে অন্য চোখে দেখবে।”

“দলের ওপর একটা সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে, সেটা বিবেচনায় নিলে সবকিছুই গুরুত্বপূর্ণ। আমি আমার কাজ আমার মতো করে করব। আশা করি, দলের অবস্থার পরিবর্তন আনতে যথেষ্ট সময় পাব।”

প্রিমিয়ার লিগে পরের ম্যাচে শনিবার চেলসির বিপক্ষে ঘরের মাঠে খেলবে ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। 

আগের দিন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যামুরি। তার দলের যে খুব দ্রুত টানা জয়ের পথে ফিরতে হবে, সেটাও অনুধাবন করতে পারছেন ৪০ বছর বয়সী এই কোচ।

চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ইউনাইটেড। ৮ পয়েন্ট নিয়ে চেলসি আছে পঞ্চম স্থানে।