Published : 14 Nov 2025, 06:29 PM
সেরা হওয়ার লড়াই যা একটু হলো দক্ষিণ কোরিয়া ও ভারতের মধ্যে। যদিও দক্ষিণ কোরিয়া তেমন লড়াই জমাতে পারল না। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে ৬টি সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে সেরা ভারত।
দক্ষিণ কোরিয়া পেয়েছে ২টি সোনা, ৪টি করে রুপা ও ব্রোঞ্জ। এর বাইরে সোনা জিতেছে চাইনিজ তাইপে ও কাজাখস্তান।
আয়োজক বাংলাদেশ একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে। ইতি-বন্যা-সাগররা পারেননি ২০২১ সালের একটি রুপা ও দুটি ব্রোঞ্জের সাফল্যের পুনরাবৃত্তি করতে।
কম্পাউন্ড মিশ্র দ্বৈতে রুপা জয়ী বন্যা আক্তার ও হিমু বাছাড় এবং কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জয়ী কুলসুম আক্তার মনিরকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আর্মি স্টেডিয়ামে শুক্রবার প্রতিযোগিতার শেষ দিনেও ছড়ি ঘুরিয়েছে ভারতের আর্চাররা। যদিও দিনের শুরুত প্রথম সোনা জিতেছিল দক্ষিণ কোরিয়া। রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে হারায় তারা।
রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে জমজমাট লড়াই হয় দক্ষিণ কোরিয়া ও ভারতের মধ্যে। টাইব্রেকারে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে জয় পায় ভারত। চার সেটে দুই দলের পয়েন্ট সমান ৪-৪ হওয়ার পর টাইব্রেকারে তিন তীর ছোঁড়ার লড়াইয়ে দুই দল সমান ২৯ স্কোর করে। তবে তীর কেন্দ্রবিন্দুর কাছাকাছি হওয়ার সুবাদে ২৯+ পয়েন্ট নিয়ে জিতে যায় ভারত।
রিকার্ভ দলগত মিশ্র দ্বৈতের ফাইনালে ৬-২ সেট পয়েন্টে উজবেকিস্তানকে হারায় চাইনিজ তাইপে। আসরে এটিই তাদের একমাত্র সোনার পদক।
দিনের দ্বিতীয় সেশনে, রিকার্ভ নারী এককে ফাইনালে অঙ্কিতা ভাকাত ৭-৩ সেট পয়েন্টে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীকে হারান।
রিকার্ভ পুরুষ এককের ফাইনাল দিয়ে শেষ হয় আসর। অল ইন্ডিয়া ফাইনালে রাহুলকে ৬-২ সেট পয়েন্টে হারান ধীরাজ বোম্মাদেভারা।