২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম লিগ ম্যাচ দেরিতে খেলার আবেদন টিকল না রেয়াল মাদ্রিদের

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রায়ের বিরুদ্ধে অবশ্য আপিল করার সুযোগ আছে মাদ্রিদের ক্লাবটির।

প্রথম লিগ ম্যাচ দেরিতে খেলার আবেদন টিকল না রেয়াল মাদ্রিদের
রেয়াল মাদ্রিদ দল। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 06:17 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ায় বিশ্রাম ও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় মেলেনি- এই কারণ দেখিয়ে লা লিগায় একটু দেরিতে যাত্রা শুরুর অনুরোধ করেছিল রেয়াল মাদ্রিদ। কিন্তু তাদের সেই আবেদন আমলে নেয়নি স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

ক্লাব বিশ্বকাপে রেয়াল মাদ্রিদ সবশেষ মাঠে নেমেছিল গত ৯ জুলাই; নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেদিন পিএসজির বিপক্ষে ৪-০ গোলে ধরাশায়ী হয়ে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।

ওই ম্যাচের ৪১ দিন পর, আগামী ১৯ অগাস্ট সান্তিয়াগো বের্নাবেউয়ে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লা লিগা শুরুর সূচি মাদ্রিদের দলটির। তবে ক্লাবটির দাবি, স্পেনের পেশাদার ফুটবলের আইনের ‘বিশ্রাম ও প্রস্ততির জন্য সর্বনিম্ন সময়ের শর্ত’ এখানে লঙ্ঘন হচ্ছে।

তবে আরএফইএফ এর বিচারক হোসে আলবের্তো তার রায়ে বলেছেন, রেয়ালের খেলোয়াড়রা গত ১১ জুলাই ছুটিতে গিয়েছিল এবং টানা ২১ দিন বিশ্রামে ছিল তারা।

ছুটি থেকে ফেরার পর শারীরিক ও কৌশলগত প্রস্তুতির জন্য পরবর্তী ২১ দিন প্রয়োজন, এমন যুক্তি দেখিয়েছে রেয়াল মাদ্রিদ ও ফুটবলারদের সংগঠন এএফই। তবে বিচারক বলেছেন, এমন কোনো ধারা আইনে নেই। 

বিচারকের এই রায়ের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আপিল করার সুযোগ থাকছে স্পেনের সফলতম ক্লাবটির।

রেয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে আগামী ১৬ অগাস্ট, মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। আর আতলেতিকো মাদ্রিদ লিগে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ অগাস্ট, এস্পানিওলের বিপক্ষে।