বাংলাদেশ না ভারতকে প্রতিপক্ষ চান? নেপাল কোচ বললেন, ‘আমরা গোরখা গার্লস’
টানা দুই জয়ে গ্রুপ সেরা হয়ে নেপাল কোচ বললেন, সেমি-ফাইনালে বাংলাদেশ বা ভারত যে কোনো দলের বিপক্ষে খেলতে কোনা দোটানা নেই তাদের।
ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে, গ্রুপ সেরা হয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে নেপাল। নিজেদের কাজ সেরে রেখে এখন তারা তাকিয়ে ভারত-বাংলাদেশ ম্যাচের দিকে। এ ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে খেলবে নেপাল। তবে, দলটির কোচ নবিন নিউপানে বললেন, সেরা চারের লড়াইয়ে তাদের পছন্দের কোনো প্রতিপক্ষ নেই। বাংলাদেশ, ভারত যেই সামনে আসুক, তার দল প্রস্তুত।
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারায় নেপাল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে তারা। বাংলাদেশ সময় রাত ৮টায় এ মাঠেই ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। জিতে যাওয়া দল সেমি-ফাইনালে এড়াবে নেপালকে।
শ্রীলঙ্কাকে হারাতে এদিন ঘাম ছুটে গেছে গত তিন আসরের রানার্সআপ নেপালের। প্রথমার্ধের যোগ করা সময়ে রাশমি কুমারি ঘিসিং বক্সের ভেতর থেকে দারুণ শটে এগিয়ে নেন দলকে। ৬০তম মিনিটে বক্সের অনেক বাইরে থেকে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রেনুকা নাগারকোটে।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের পারফরম্যান্সের উন্নতির ধারাবাহিকতা নিয়ে সন্তুষ্টি জানালেন নিউপানে। সেমি-ফাইনালে ভারত বা বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে টানা দুই জয়ে দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে বোঝাতে শক্তির উপমা ‘গোরখা গার্লস’ শব্দযুগল ব্যবহার করলেন তিনি।
“আমাদের পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। সুযোগগুলো নষ্ট হওয়ার কারণে আমরা গ্রুপ পর্বে প্রত্যাশিত গোল পায়নি। তবে, গ্রুপ সেরা হয়েই উঠেছি সেমি-ফাইনালে। সেমি-ফাইনাল ভিন্ন এক ম্যাচ। ভারত বা বাংলাদেশ দুটোই শক্তিশালী দল। কিন্তু আমরাও গোরখা গার্লস। যে দলই আমাদের প্রতিপক্ষ হোক, আমরা প্রস্তুত। আমরা আরও শক্তিশালী হয়ে সেমি-ফাইনাল খেলতে নামব।”
কাঠমাণ্ডুতে হওয়া সবশেষ দুই ফাইনালে বাংলাদেশের বিপক্ষে যথাক্রমে ৩-১ ও ২-১ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল নেপালের। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসরে শিরোপা স্বাদ তারা পায়নি আজও।
