খ্রাফেনবের্খের সঙ্গে লিভারপুলের দীর্ঘ-মেয়াদী চুক্তি
আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করছে অ্যানফিল্ডের ক্লাবটি।
ধারাবাহিক পারফরম্যান্সে আস্থা অর্জন করেছেন কোচের। এবার তার পুরস্কার পেলেন রায়ান খ্রাফেনবের্খ। এই ডাচ ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে দীর্ঘ-মেয়াদী চুক্তি করেছে লিভারপুল।
২৩ বছর বয়সী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি শনিবার জানিয়েছে লিভারপুল। যদিও মেয়াদ জানানো হয়নি।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, ছয় বছরের নতুন চুক্তি অনুযায়ী ২০৩১-৩২ মৌসুমের শেষ পর্যন্ত লিভারপুলে খেলবেন খ্রাফেনবের্খ।
২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে লিভারপুলে যোগ দেন খ্রাফেনবের্খ এবং গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। হয়ে ওঠেন কোচ আর্না স্লটের পরিকল্পনার মূল অংশ।
চলতি মৌসুমে দলের মতো খ্রাফেনবের্খও অবশ্য পারেননি গত মৌসুমের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে। তবে এই চুক্তিতে প্রমাণ হয় যে, তার সামর্থ্যে যথেষ্ট বিশ্বাস আছে লিভারপুল কর্তৃপক্ষের।
নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ খেলা এই ফুটবলার লিভারপুল নতুন চুক্তি করতে পেলে খুব খুশি।
“সত্যিই খুব ভালো লাগছে। এরকম একটা বড় ক্লাবে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি গর্বিত। আমি খুব খুশি যে, এখানে আরও অনেক বছর থাকতে পারব।”
“আমার প্রতি ক্লাব ও কোচের যে আস্থা আছে, সেটা আমি অনুভব করতে পারছি। আমার জন্য (নতুন চুক্তির) সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। আমার পরিবারও এখানে সুখে আছে।”
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত মোট ১২৩ ম্যাচ খেলে আটটি গোল করেছেন খ্রাফেনবের্খ, অ্যাসিস্ট ১২টি। গতবারের প্রিমিয়ার লিগ ছাড়াও জিতেছেন ২০২৪ সালের লিগ কাপ।
লিভারপুল যে কয়েকজন মূল খেলোয়াড়কে আগামীর জন্য ধরে রাখতে চায়, তাদেরই একজন খ্রাফেনবের্খ। এছাড়া দুই মিডফিল্ডার হাঙ্গেরির দমিনিক সোবোসলাই ও আর্জেন্টিনার আলেক্সিস মাক আলিস্তেরের সঙ্গে আলোচনা চলছে লিভারপুলের।
