২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি ড্রয়ে ইউনাইটেড কোচের কপালে ভাঁজ পড়ল আরও

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জালের দেখা পেল না এরিক টেন হাগের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 09:05 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

ম্যাচ শুরুর আগে চারিদিকে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে, ভিলা পার্কে হারলেই নাকি চাকরি হারাতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে। ম্যাচটি শেষ পর্যন্ত অবশ্য হারেনি তারা। অবশ্য জিততেও পারেনি। প্রতিপক্ষের গোলমুখে আরও একবার খুব বাজেভাবে ভুগতে দেখা গেল প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের।

অ্যাস্টন ভিলার মাঠে রোববার লিগ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। 

লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য রইল ইউনাইটেড; এই তিন ম্যাচের কোনোটিতেই জালের দেখা পায়নি তারা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি জয়ের দেখা পেল না টানা পাঁচ ম্যাচে।

এদিন আরেকটি ধাক্কা খেয়েছে ইউনাইটেড, ম্যাচের মাঝপথে চোট পেয়ে চিকিৎসকের সহায়তায় মাঠ ছেড়ে যান অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। 

প্রথমার্ধে পজেশন রাখায় দুই দলই ছিল সমানে-সমান। ঢিমেতালে চলা লড়াইয়ে বেশিরভাগ আক্রমণগুই ছিল সাদামটা। এই সময়ে সেরা সুযোগটি পেয়েছিল ইউনাইটেড; বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে মার্কাস র‌্যাশফোর্ডের জোরাল শটটি ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস।

বিরতির আগে গোলের জন্য চারটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি ভিলা। প্রতিপক্ষ শিবিরে কিছুটা ভীতি ছড়ান জনি ইভান্স, তার বক্সের বাইরে থেকে নেওয়া তার বুলেট গতির একটি শট পোস্টের বাইরে দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে র‌্যাশফোর্ডের নৈপুণ্যে গোল প্রায় পেয়েই যাচ্ছিল ইউনাইটেড। তার জোরাল শটে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেসের আঙুল ছুঁয়ে ক্রসবার ঘেঁষে বল চলে যায় বাইরে।

পরের কয়েক মিনিটে ভিলাও ভালো কয়েকটি আক্রমণ করে। বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে জোরাল শটে ভীতি ছড়ান বেলজিয়ান মিডফিল্ডার ইউলি টিয়েলেমান্স, ঝাঁপিয়ে রুখে দেন আন্দ্রে ওনানা।

আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলার সম্ভাবনাই ছিল না ব্রুনো ফের্নান্দেসের। তবে আপিলে ওই কার্ড বাতিল হয়ে যাওয়ায় শুরু থেকেই মাঠে নামেন ইউনাইটেড অধিনায়ক। ৬৮তম মিনিটে তার সরাসরি ফ্রি কিকে বল ক্রসবার কাঁপায়। ফিরতি বল ধরে আন্তোনির শটও লক্ষ্যভ্রষ্ট হয়। 

যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ভিলার জ‍্যাডেন ফিলোজিন। বক্সে ফাঁকায় বল ধরে তরুণ এই ইংলিশ ফরোয়ার্ডের শট রক্ষণে প্রতিহত হয়।  

এই দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে, এই একটি পয়েন্টও ইউনাইটেডের জন্য বড় প্রাপ্তিই বটে। কেননা, তাদের তুলনায় ভিলার পারফরম্যান্স যে বেশ ভালো। লিগে মাত্র একটি ম্যাচ হেরেছে তারা, জিতেছে চারটিতে। চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ খেলে জিতেছে দুটিতেই, এর মধ্যে গত সপ্তাহে তারা হারিয়ে দেয় বায়ার্ন মিউনিখকে।

সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে অ্যাস্টন ভিলা। 

দিনের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করা চেলসি ভিলার সমান ১৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। 

১৪ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৮।

১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দুইয়ে ম্যানচেস্টার সিটি ও তিনে আর্সেনালের পয়েন্ট সমান ১৭।