২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি কেইনের ৪০০

লিগ শিরোপা ধরে রাখার পথে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে তার দল বায়ার্ন মিউনিখও।

হ্যারি কেইনের ৪০০
গোল করেই চলেছেন হ্যারি কেইন (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 01:08 AM

Updated : 26 Aug 2026, 02:30 PM

বায়ার্ন মিউনিখের জার্সিতে দারুণ ছন্দে ছুটে চলার পথে আরেকটি গোল করেছেন হ্যারি কেইন। দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্লাব ফুটবলে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ তারকা।

বুন্ডেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুতে দলকে এগিয়ে নিয়ে মাইলফলকটি স্পর্শ করেন কেইন। 

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ২২তম মিনিটে কর্নারে খুব কাছ থেকে হেডে গোলটি করেন তিনি। 

বায়ার্ন মিউনিখের জার্সিতে এই নিয়ে কেইনের গোল হলো ১০৪টি। ক্লাব ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল তিনি করেছেন টটেনহ্যাম হটস্পারের হয়ে, ২৮০টি। এছাড়া লেস্টার সিটির হয়ে দুটি, মিলওয়ালের হয়ে ৯টি এবং লেইটন ওরিয়েন্টের হয়ে পাঁচটি গোল করেছেন এই স্ট্রাইকার।

ডর্টমুন্ডের বিপক্ষে ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। ছয় মিনিট পর ইউলিয়ান ব্রান্ডট একটি গোল শোধ করে লড়াই জমিয়ে তুললেও, দলের হার এড়াতে পারেননি তিনি।

এবারের লিগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে ডর্টমুন্ড।