০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

টানা পঞ্চম মেয়াদে রেয়াল মাদ্রিদের সভাপতি পেরেস

২০২৯ সাল পর্যন্ত ইউরোপের সফলতম ক্লাবটির প্রধানের দায়িত্বে থাকবেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 07:39 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার বছরের মেয়াদে রেয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেস। ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির প্রধানের দায়িত্বে থাকবেন তিনি।

৭৭ বছর বয়সী পেরেস এই নিয়ে টানা পঞ্চম এবং সব মিলিয়ে সপ্তমবার রেয়ালের সভাপতি হলেন। প্রথম দফায় ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। ২০০৯ সালে আবার এই ভূমিকায় ফেরার পর ২০১৩, ২০১৭, ২০২১ ও ২০২৫ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। 

পেশায় ব্যবসায়ী পেরেস গত ৭ জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানান। ১০ দিন পর একমাত্র প্রার্থী হিসেবে পেরেসের প্রার্থিতা অনুমোদন করা হয়। 

ক্লাবের বাইলজ অনুযায়ী, বিকল্প প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়। ইউরোপের সফলতম ক্লাবটি রোববার পেরেসের পুনরায় নির্বাচিত হওয়ার কথা জানায়।  

পেরেস দায়িত্বে থাকার সময়ে রেয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মিলে জিতেছে মোট ৬৫টি শিরোপা। ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ৭টিই এসেছে তার মেয়াদে। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফলতম সভাপতি তিনিই।