এমবাপেকে নিয়ে শঙ্কায় বছর শুরু রেয়াল মাদ্রিদের
হাঁটুর চোটে মাঠের বাইরে থাকতে হবে রেয়াল মাদ্রিদের সেরা তারকাকে।
হতাশার ২০২৫ পেরিয়ে নতুন বছর নিশ্চয়ই নতুন আশায় শুরু করতে চাইবে রেয়াল মাদ্রিদ। তবে সেই সম্ভাবনায় বড় ধাক্কা এলো বছরের শুরুতেই। কিলিয়ান এমবাপের চোটের চেয়ে বড় দুঃসংবাদ আর কী আছে তাদের জন্য!
রেয়াল মাদ্রিদ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাঁ হাঁটু মচকে গেছে এমবাপের। চোট কতটা গুরুতর বা কতদিনের জন্য বাইরে থাকতে হবে তাকে, সেসব কিছু বলা হয়নি। শুধু উল্লেখ করা হয়েছে, তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
রেয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার নতুন বছর শুরু করবে রেয়াল মাদ্রিদ। এই ম্যাচে তো এমবাপে নিশ্চিতভাবেই থাকছেন না। বড় শঙ্কা আসলে স্প্যানিশ সুপার কাপ নিয়ে।
জেদ্দায় সুপার কাপের সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রেয়াল। সেখানে জিততে পারলে ১১ জানুয়ারি ফাইনাল, যেখানে প্রতিপক্ষ থাকবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে লড়াইয়ে জয়ী দল।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার খবর, সুপার কাপে দলের সঙ্গে সৌদি আরবে যাচ্ছেন না এমবাপে।
এমনকি ১৭ জানুয়ারি লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ ও ২০ জানুয়ারি শৈশবের ক্লাব মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও এমবাপের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।
লা লিগায় ১৮ গোল নিয়ে এখন শীর্ষে আছেন এমবাপে। চলতি মৌসুমে লিগে রেয়ালের ১৮ ম্যাচের সবকটিতেই তিনি ছিলেন শুরুর একাদশে। গত ১১ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে খেলতে না পারলেও পরের তিন ম্যাচে খেলেছেন পুরো সময়ই।
বিদায়ী বছরে সব মিলিয়ে ৫৯ গোল করে তিনি স্পর্শ করেছেন রেয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড।
