২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যাম ও বায়ার্ন বধের পর আরেকটি লন্ডন ডার্বি জয়ের লক্ষ্যে আর্সেনাল

স্ট্যামফোর্ড ব্রিজে আসছে লড়াইয়ের ফল প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ব্যবধান গড়ে দিতে পারে।

টটেনহ্যাম ও বায়ার্ন বধের পর আরেকটি লন্ডন ডার্বি জয়ের লক্ষ্যে আর্সেনাল
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

লিগ টেবিলে ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে দল, দুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও মিলেছে দাপুটে জয়; তবে নির্ভার হওয়ার কোনো সুযোগ নেই আর্সেনালের সামনে। সামনেই যে আরেক বড় প্রতিপক্ষ চেলসি। আসছে লন্ডন ডার্বিটি জিতে লিগ শিরোপা জয়ের দৌড়ে বড় এক ধাপ এগিয়ে যেতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

প্রিমিয়ার লিগে গত রোববারও এক লন্ডন ডার্বিতে নেমেছিল আর্সেনাল। এবেরেচি এজের দারুণ হ্যাটট্রিকে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে সেই ম্যাচেও তারা আধিপত্য করে ৪-১ গোলে জয় তুলে নেয়। এরপর গত বুধবার আর্তেতার দল হারিয়ে দেয় বায়ার্ন মিউনিখকে, ৩-১ গোলে।

সব প্রতিযোগিতাতেই দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে আর্সেনাল। এখন পর্যন্ত এই মৌসুমে একটিমাত্র ম্যাচ হেরেছে তারা; গত ৩১ অক্টোবর লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে।

তবে, আসছে ম্যাচটি নিশ্চিতভাবেই তাদের জন্য হবে বড় পরীক্ষা। চেলসি তাদের সবশেষ তিন ম্যাচেই জিতেছে, এর মধ্যে সবশেষ ম্যাচে তারা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়েছে ৩-০ গোলে। 

আর প্রিমিয়ার লিগের টেবিলে আর্সেনালের পরেই আছে চেলসি, ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে। শীর্ষে আর্সেনালের পয়েন্ট ২৯।

আগামী রোববার এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল তাই প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় প্রভাবক হয়ে উঠতে পারে। ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে থাকা আর্সেনালের কোচ এই সুযোগটাই কাজে লাগাতে চান।

“স্পার্সকে হারানোর পর, বায়ার্ন মিউনিখের বিপক্ষেও একটা বার্তা দেওয়ার দরকার ছিল আমাদের, আমরা সেটা দিয়েছি। এখন আমাদের পরের চ্যালেঞ্জটা নিতে হবে।”

 “এটা বড় একটা ম্যাচ, বড় লন্ডন ডার্বি। আমরা খুব ভালো একটা প্রতিপক্ষের সঙ্গে খেলতে যাচ্ছি, তারা দারুণ ফর্মে আছে। আমরা চ্যালেঞ্জটা জানি এবং আমাদের সামনে কী সুযোগ, সেটাও বুঝতে পারছি। এর জন্য পুরোপুরি প্রস্তুত।”

চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় আগামী রোববার রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।

চেলসির বিপক্ষে গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ের অভিজ্ঞতাও দারুণ সুখকর আর্সেনালের। সবশেষ সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছে আর্তেতার দল; তবে বাকি যে দুটি ম্যাচ ড্র হয়েছে, দুটিই এই স্ট্যামফোর্ড ব্রিজে।