২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমোশনের সম্ভাবনা জাগানো কর্নেইয়ার প্রতি মেসির বার্তা

স্প‍্যানিশ ফুটবলের পঞ্চম স্তরে থাকা ক্লাবটির বিকাশের জন‍্য সম্ভাব‍্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন আর্জেন্টাইন মহাতারকা।

প্রমোশনের সম্ভাবনা জাগানো কর্নেইয়ার প্রতি মেসির বার্তা
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 03:15 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

অধিগ্রহণের আনুষ্ঠানিকতা সারার পর ইউই কর্নেইয়ার খেলোয়াড় ও কোচদের প্রতি একটি বার্তা পাঠিয়েছেন লিওনেল মেসি। স্প‍্যানিশ ফুটবলের পঞ্চম স্তরে খেলা ক্লাবটির বিকাশের জন‍্য সম্ভাব‍্য সব উপায়ে সাহায‍্য করার আশ্বাস দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। 

মেসি বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় বলেন, “আমি তোমাদের বলতে চাই, আমরা এখানে আছি বিকাশের জন‍্য এবং যে ধরনের সাহায‍্য প্রয়োজন হোক, সেটা করার জন‍্য। এই নতুন প্রজেক্ট নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত।”

তেরসেরা আরএফইএফ এর নিয়মিত মৌসুমের কেবল দুটি ম‍্যাচ বাকি থাকতে এই বার্তা দিলেন মেসি। কর্নেইয়া এরই মধ‍্যে সেগুন্দা আরএফইএফ-এর জন‍্য প্রমোশন প্লেঅফে খেলা নিশ্চিত করেছে। 

আগের ম‍্যাচ চলার সময়েও সামাজিক মাধ‍্যমে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মেসি। 

“আমি তোমাদের অনুসরণ করছি এবং প্রতি সপ্তাহান্তে সমর্থন করছি।”

ইন্টার মায়ামি অধিনায়ক যুব ফুটবলের উন্নয়নে বিনিয়োগের অংশ হিসেবে গত মাসের মাঝামাঝি সময়ে কর্নেইয়া ক্লাবের মালিকানা কেনার ঘোষণা দেন। কাতালুনিয়ার এই ক্লাবটি নিজেদের একাডেমিতে খেলোয়াড়দের উন্নতির জন‍্য সুপরিচিত। এখান থেকে উঠে এসেছেন জর্দি আলবা, দাভিদ রায়া, জেরার্দ মার্তিনের মতো খেলোয়াড়রা। 

মেসি যুক্ত হওয়ায় তরুণ ফুটবলারদের বিকাশে আরও অনেক বেশি ভূমিকা রাখার সুযোগ দেখছে কর্নেইয়া।

“ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক বিকাশ, ক্লাবের ভিত্তি সুদৃঢ় করা এবং প্রতিভাদের জন‍্য বিনিয়োগ অব‍্যাহত রাখাকে লক্ষ‍্য করে লিও মেসির আসাটা ক্লাবের ইতিহাসে একটি নতুন অধ‍্যায়ের সূচনা। এই প্রকল্প একটি দীর্ঘমেয়াদী রূপকল্প এবং কৌশলতগত পরিকল্পনা দ্বারা পরিচালিত যা উচ্চাকাঙ্ক্ষা, স্থায়িত্ব এবং এর স্থানীয় শিকড়ের সঙ্গে দৃঢ় সংযোগকে সমন্বিত করেছে।”