২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ের খেলায় শীর্ষেই রোনালদো, পেছালেন মেসি

আবারও ফোর্বস সাময়িকীর তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2024, 11:29 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

মাঠের ফুটবলে দারুণ ছন্দে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো আয়ের ক্ষেত্রেও আছেন সবার ওপরে। ফোর্বস সাময়িকীর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ মহাতারকা। ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি অবশ্য এক ধাপ পিছিয়েছেন। 

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করে ফোর্বস। ইতিহাসে প্রথমবারের মতো তালিকার শীর্ষ ১০ জনের সবার আয় ১০ কোটি মার্কিন ডলারের বেশি।  

২৬ কোটি ডলার আয় নিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মতো চূড়ায় আছেন রোনালদো। গত বছরের অক্টোবরে প্রকাশিত তালিকাতেও তার আয়ের পরিমাণ ছিল একই। ফোর্বসের মতে, ফুটবলারদের মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি আয় এটি।

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে গত বছরের জানুয়ারিতে সৌদি প্রো লিগের দল আল নাস্‌রে যোগ দেন রোনালদো। ক্লাবটিতে বার্ষিক প্রায় ২০ কোটি ডলার বেতন পান ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। এছাড়া কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মিলিয়ে এন্ডোর্সমেন্টের নানা খাত থেকে তার আয় ৬ কোটি ডলার। 

রোনালদোর পরেই দ্বিতীয় স্থানে আছেন স্প্যানিশ গলফার জন রাম। ২৯ বছর বয়সী তারকার আয় ২১ কোটি ৮০ লাখ ডলার। 

এক ধাপ পিছিয়ে তিনে নেমে যাওয়া মেসির আয় ১৩ কোটি ৫০ লাখ ডলার। গত অক্টোবরের তালিকাতেও ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয় ছিল একই।

বাস্কেটবলের মহাতারকা ও এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস তালিকার চারে আছেন ১২ কোটি ৮২ লাখ ডলার আয় নিয়ে। ১১ কোটি ১০ লাখ ডলার আয় নিয়ে পাঁচে আরেক বাস্কেটবল তারকা জিয়ানিস আন্টেটোকোম্পো।

তালিকার পরের তিনটি স্থান ফুটবলারদের। এই মৌসুমে পিএসজি ছাড়তে যাওয়া কিলিয়ান এমবাপের আয় ১১ কোটি ডলার। চোটে লম্বা সময় বাইরে থাকা আল হিলাল ফরোয়ার্ড নেইমারের আয় ১০ কোটি ৮০ লাখ ডলার। ১০ কোটি ৬০ লাখ ডলার আয় করেন আরেক সৌদি ক্লাব আল-ইত্তিহাদের কারিম বেনজেমা।

বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি ১০ কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে নবম স্থানে আছেন। ১০ নম্বরে আছেন এনএফএল তারকা লামার জ্যাকসন, তার আয় ১০ কোটি ৫ লাখ ডলার।