১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্ত্রোপচার করাতে হবে বার্সেলোনার বের্নালের

অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে তরুণ এই মিডফিল্ডারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 07:31 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন মার্ক বের্নাল। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে বার্সেলোনার এই মিডফিল্ডারের। শল্যবিদের ছুরিকাঁচির নিচে যাওয়া ছাড়া নেই কোনো বিকল্প।

১৭ বছর বয়সী বের্নালের চোটের কথা বুধবার নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি জানায়, শিগগিরই অস্ত্রোপচার করানো হবে তার।

মাঠে ফিরতে কতদিন লাগতে পারে বের্নালের, এনিয়ে কিছু বলেনি বার্সেলোনা। তবে ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমের বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হবে তাকে।

রায়ো ভাইয়েকানোর বিপক্ষে মঙ্গলবার ২-১ গোলে জেতা ম্যাচে এই চোট পান বের্নাল। ম্যাচের একেবারে শেষ মিনিটে ট্যাকল করতে গিয়ে আঘাত পান তিনি। দুইজনের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই তরুণ। তখনই বোঝা যাচ্ছিল চোটের মাত্রা।

চলতি মৌসুমে লা লিগা অভিষেক হয় বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা বের্নালের। এখন পর্যন্ত খেলা দলের তিনটি ম্যাচেই মাঠে নেমেছেন তিনি। সবগুলো ম্যাচ জিতেছে কাতালান ক্লাবটি।

আগামী শনিবার রেয়াল ভাইয়াদলিদের মুখোমুখি হবে বার্সেলোনা।