‘ব্যর্থ হয়েছি, এখন ছুটিতে যাচ্ছি’, ইউরো থেকে বিদায়ের পর এমবাপে
ইউরোর সেমি-ফাইনাল থেকে ফ্রান্সের বিদায়ের পর নিজের ও দলের ব্যর্থতা মেনে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন এই তারকা।
মুখের মাস্ক সরে গেল। অস্বস্তিও যেন খানিকটা দূর হলো। পারফরম্যান্সের ধার ফিরল কিছুটা। কিন্তু গোল পেলেন না কিলিয়ান এমবাপে। এবার আর রক্ষা পেল না তার দলও। দুর্দান্ত স্পেনের কাছে হেরে বিদায় নিতেই হলো ফ্রান্সকে। পরাজয়ের পর নিজের ব্যর্থতা মেনেই নিলেন দলের সবচেয়ে বড় তারকা। পাশাপাশি বললেন, এবার একটু বিশ্রাম প্রয়োজন তার।
এমবাপের জন্য এবারের ইউরোর শুরুটাই ছিল বাজে। প্রথম ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে নাক ভেঙে যায় তার। সেই চোটের কারণে পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারেননি তিনি। এরপর পোল্যান্ডের বিপক্ষে তিনি ফেরেন মুখে মাস্ক লাগিয়ে। পেনাল্টি থেকে গোল করেন। কিন্তু চেনা সেই এমবাপেকে পাওয়া যায়নি।
পরে নকআউট পর্বে বেলজিয়াম ও পর্তুগালের বিপক্ষেও তাকে চিনতে হয়েছে কেবল মাস্ক দেখেই। সেই ক্ষুরধার এমবাপেকে পাওয়া যায়নি। স্পেনের বিপক্ষে সেমি-ফাইনালে মঙ্গলবার ছন্দে ফেরার ইঙ্গিত ছিল তার পারফরম্যান্সে। কিন্তু শেষ পর্যন্ত এ দিনও গোল করতে পারেননি। স্পেনের কাছে ২-১ গোলে হেরে ফ্রান্সের ফাইনালে খেলার আশাও ভেস্তে গেছে।
ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অকপটেই নিজের ও দলের ব্যর্থতা মেনে নিলেন এমবাপে।
“আমার টুর্নামেন্ট? খুব কঠিন ছিল। এটাকে ব্যর্থই বলতে হবে। আমাদের লক্ষ্য ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার, আমারও আশা ছিল শিরোপা জয়ের। আমরা তা পারিনি। কাজেই ব্যর্থ বলতেই হবে।”
এমবাপের ক্যারিয়ার এখন রোমাঞ্চকর এক নতুন মোড় নেওয়ার অপেক্ষায়। আগামী মৌসুমে শুরু হবে তার রেয়াল মাদ্রিদ অধ্যায়। তবে আপাতত লম্বা মৌসুমের ক্লান্তি তাকে পেয়ে বসেছে। তাই ফুটবল থেকে কিছুটা দূরে সরে চনমনে হয়ে মাঠে ফিরতে চান তিনি।
“ফুটবল এরকমই। সামনে এগিয়ে যেতে হবে আমাদের। লম্বা একটি মৌসুম ছিল। এখন ছুটিতে যাচ্ছি এবং কিছুটা বিশ্রাম নিতে চাই… এতে আশা করি আমার জন্য ভালো হবে এবং আরও শক্তিশালী হয়ে ফেরার চেষ্টা করব।”
এমবাপের পারফরম্যান্স নিয়ে প্রশ্নে টুর্নামেন্টজুড়ে বেশ কবারই তার ওপর ভরসা রাখার কথা বলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। কিন্তু শেষ পর্যন্ত এবার প্রতিদান দিতে পারলেন না ২৫ বছর বয়সী তারকা। সেমি-ফাইনালের পর দেশম আবারও বললেন, নাকের সেই চোটই কাল হয়েছে এমবাপের জন্য।
“মাস্ক পরে খেলাটা সহজ ছিল না তার জন্য। মাস্ক পরায় তার দৃষ্টিশক্তি বাধাগ্রস্ত হয়েছিল এবং এটা তাকে অস্বস্তিতে ফেলেছিল। মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নেই এবং কিলিয়ান আজকে মাস্ক ছাড়া বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করছিল।”
এমবাপে ছাড়াও আসরজুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন অঁতোয়ান গ্রিজমান। সেমি-ফাইনালে তো অভিজ্ঞ এই ফুটবলারকে সেরা একাদশেই রাখেননি কোচ। ফ্রান্সকে ভুগতে হয়েছে দলের সেরা দুই তারকার ছন্দহীনতায়। তবে তাদের দিকে আঙুল না তুলে দায়টা নিজের কাঁধেই নিলেন দেশম। কৃতিত্ব দিলেন তিনি প্রতিপক্ষকেও।
“আমি কারও ওপর দায় চাপাতে চাই না। যেহেতু আমি দায়িত্বে আছি, দায় আমারই। আমরা এমন এক প্রতিপক্ষের সঙ্গে খেলেছি, যারা দুর্দান্ত এক দল। অঁতোয়ান যদিও সেরা একাদশে ছিল না, কিলিয়ান ছিল… আমরা আমাদের সর্বোচ্চটাই চেষ্টা করেছি এবং যতটা সম্ভব কার্যকর থাকতে চেয়েছি।”
“আজকে আমরা এগিয়ে গিয়েছিলাম এবং তা দারুণ ছিল। কিন্তু এই স্পেন দল খেলাটা রপ্ত করেছে দুর্দান্তভাবে। পরের দিকে আমরা ভালো করতে পারিনি। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি আমরা। শেষ সময় পর্যন্ত লড়াই করতে পারিনি। এটা বলব না যে ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দেয়নি। তবে নানা কারণেই ওদের সামর্থ্যের শতভাগ পারফরম্যান্স এবারের ইউরোয় দেখা যায়নি।”
