২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে আদর্শ মানা ইয়ামাল জিততে চান আরও অনেক শিরোপা

অন্তত একটি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য বার্সেলোনার এই স্প্যানিশ সেনসেশনের।

নেইমারকে আদর্শ মানা ইয়ামাল জিততে চান আরও অনেক শিরোপা
লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 11:24 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

লামিনে ইয়ামালের শৈশব জুড়েই ছিলেন নেইমার। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে আদর্শ মেনে ফুটবল পায়ে ছুটে অল্প বয়সেই নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়েছেন ইয়ামাল। ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবেন না বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন। তবে আরও অনেক শিরোপা জিততে চান তিনি।

ইয়ামালের বয়স কেবল ১৮। এরই মধ্যে তারকা খ্যাতি জুড়ে গেছে তার নামের পাশে। বার্সেলোনা ও স্পেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন তিনি। তার পায়ের জাদু মুগ্ধতা ছড়াচ্ছে প্রতিনিয়ত।

এই বয়সেই বার্সেলোনার জার্সিতে দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন ইয়ামাল। পেয়েছেন স্প্যানিশ কাপ জয়ের স্বাদও। এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন সম্ভবত জাতীয় দলের হয়ে ২০২৪ ইউরো জেতা।

নেইমারের খেলা দেখে বড় হয়েছেন ইয়ামাল। তাকে হৃদয়ে ধারণ করে নিজেকে গড়ে তুলছেন তিনি। তার ক্যারিয়ারে নেইমারের প্রভাব কতটা, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম‍্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে সেটি তুলে ধরেছেন ইয়ামাল নিজেই।

“তার খেলা অনেক দেখেছি। নেইমার এমন একজন ফুটবলার, যিনি আমার পুরো শৈশবকে প্রভাবিত করেছেন। তিনি আমার আদর্শ এবং আমি তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। যার খেলা দেখতে নির্দ্বিধায় অর্থ খরচ করা যায়। ফুটবলকে তিনি যা কিছু দিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি, তিনি বিশ্বকাপে থাকবেন।”

বয়স খুব বেশি না হলেও বার্সেলোনা ও স্পেনের আক্রমণভাগের বড় দায়িত্ব এখন ইয়ামালের কাঁধে। এটাকে নিজের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন স্প্যানিশ রাইট উইঙ্গার।

“আমি ভাগ্যবান যে, তরুণ বয়স থেকে বয়সের তুলনায় আমাকে বেশি দায়িত্ব নিতে হয়েছে। আমি এতে অভ্যস্ত। কেবল এগুলো উপভোগ করার কথা ভাবি; দায়িত্বগুলোকে সমস্যা হিসেবে না দেখে বরং নিজের গুণ হিসেবে দেখি। সবকিছুর জন্য কৃতজ্ঞ।”

একাধিক বড় শিরোপার স্বাদ পাওয়া ইয়ামালের এখনও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। প্রতিযোগিতাটির গত আসরে সেমি-ফাইনাল খেলেন তারা। এবার সেমি-ফাইনাল ওঠার লড়াইয়ে কঠিন অবস্থায় আছেন।

এখনও বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা হয়নি ইয়ামালের। সবকিছু ঠিক থাকলে এবার তার সেই স্বপ্ন পূরণ হতে পারে।

ইয়ামাল বললেন, ক্যারিয়ারের আরও অনেক শিরোপা জিততে চান তিনি। অন্তত একটি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাওয়ার ইচ্ছা তার।

“সত্যি বলতে আমি জানি না। এখনকার চেয়ে আরও অনেক বেশি শিরোপা জিততে চাই। একটি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। আমার অর্জনের মুকুটে যা কিছু যোগ হবে, সেটাই আমাকে খুশি করবে।”

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। মেত্রোপলিতানোয় ফিরতি লেগ মঙ্গলবার।