২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ী ম্যাচে মেসির বার্তায় আপ্লুত সুয়ারেস

লুইস সুয়ারেসের বিদায়ী ম্যাচের বিশেষ আয়োজনে ভিডিও কনফারেন্সে যোগ দেন বন্ধু লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2024, 09:55 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

পায়ের চোটের পুনর্বাসনে থাকায় আনহেল দি মারিয়ার পর লুইস সুয়ারেসের বিদায়ী সংবর্ধনায়ও উপস্থিত থাকতে পারেননি লিওনেল মেসি। তবে ভিডিও বার্তা দিতে ভোলেননি আর্জেন্টাইন মহাতারকা। প্রিয় বন্ধুর বিশেষ বার্তায় আবেগাপ্লুত হয়ে পড়েন উরুগুয়ের তারকা সুয়ারেস।

ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে স্থানীয় সময় শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন সুয়ারেস। ম্যাচ শেষে তার জন্য রাখা হয় বিশেষ আয়োজন। সশরীরে থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সে এতে যোগ দেন মেসি।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলার পর এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতেও সতীর্থ মেসি ও সুয়ারেস। মাঠের বাইরে ব্যক্তিগত জীবনেও দুজনের ঘনিষ্ঠতা অনেক। কাছের বন্ধুর বিদায়ের দিন উপভোগের বার্তা দেন মেসি।

“হ্যালো বন্ধু! গুরুত্বপূর্ণ এই দিনে আমি উপস্থিত থাকতে চেয়েছিলাম। তুমি জাতীয় দলের জন্য যা করেছো, দেশের জন্য যা করেছো, তোমার জন্য, তোমার পরিবারের জন্য, উরুগুয়ের জন্য, সার্বিকভাবে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ দিন৷”

“তোমার পাশে থাকার ভাগ্য হয়েছে আমার। আমি জানি এই সিদ্ধান্ত নেওয়া তোমার জন্য কতটা কঠিন ছিল৷ কারণ, আমি জানি, উরুগুয়ের হয়ে খেলা তোমার জন্য কতটা বিশেষ ছিল। আমি আশা করি, এই সম্মান তুমি উপভোগ করবে, যা তোমার প্রাপ্য।”

মেসির কথা চলাকালেই দেখা যায় ছলছল করছে সুয়ারেসের চোখ। মুখে হাসি নিয়ে বাকি কথা শুনতে থাকেন তিনি।

শেষটা অবশ্য তেমন ভালো হয়নি সুয়ারেসের৷ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র করে উরুগুয়ে। ম্যাচের ৮৫তম মিনিটে হলুদ কার্ড দেখেন সুয়ারেস।

আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটার পর সামনের দিনগুলোর জন্য সুয়ারেসকে শুভকামনা জানান মেসি।

“শেষ দিন পর্যন্ত তুমি তোমার সবটা দিয়েছো। নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য তুমি গুরুত্বপূর্ণ ‘লিগ্যাসি’ রেখে যাবে। তোমার ক্যারিয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে এখনও তোমার অনেক বছর ফুটবল খেলা বাকি। আর আমি খুবই খুশি যে আমরা একই দলে আছি, যা আমরা প্রতিদিন উপভোগ করি।”

“আমি শুধু তোমাকে বলতে চাই, তোমার কাছের মানুষদের নিয়ে এই উপলক্ষ উপভোগ করো, যারা সবসময় তোমার সঙ্গে ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার জন্য উষ্ণ ভালোবাসা। উপভোগ করো।”

এদিন সুয়ারেসের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন তার এক সময়ের বার্সেলোনা সতীর্থ নেইমারও।