২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইঁদুর’ সিলভার ফুটবলার হয়ে ওঠা ও বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শিরোপার স্বাদ পেতে মুখিয়ে থাকার কথাও জানিয়েছেন ব্রাজিল অধিনায়ক চিয়াগো সিলভা।

‘ইঁদুর’ সিলভার ফুটবলার হয়ে ওঠা ও বিশ্বকাপ স্বপ্ন

প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর চিয়াগো সিলভা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 07:53 PM

Updated : 25 Oct 2022, 10:17 PM

ছেলেবেলা থেকে তিনি ভীষণ লাজুক প্রকৃতির। ঘর থেকে বের হতেন কদাচিৎ। বন্ধুরা তাই ঠাট্টা করে ডাকত ‘ইঁদুর’ বলে। ঘর নামের ‘গর্ত’ থেকে বেরিয়ে সেই চিয়াগো সিলভা এরই মধ্যে খেলে ফেলেছেন তিনটি বিশ্বকাপ। ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড তার বাহুতে এবং চতুর্থ বিশ্বকাপ খেলার দিনও তিনি গুণছেন  শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে।

ঘরকুনো সিলভার শৈশবের শখ ছিল ঘুড়ি ওড়ানো। ব্রাজিলের আর দশটা শিশু-কিশোরের মতো ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন অন্তত ১১-১২ বছর বয়স পর্যন্ত ছিল না! এরপর যেদিন প্রথম মহল্লার মাঠে ফুটবল খেলতে গেলেন, সেদিন তো সবকিছু দেখে চক্ষু ছানাবড়া। বল নিয়ে এক দঙ্গল ছেলের মাতামাতি, দাপাদাপি দেখে মনে হয়েছিল-এ কোথায় এলাম!

‘ক্যাপ্টেন্স’ নামের তথ্যচিত্রে সিলভার এই অজানা শৈশব, ব্রাজিলের অধিনায়ক হয়ে ওঠা, আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের লক্ষ্য থেকে শুরু করে অনেক কিছুই উঠে এসেছে। ক্লাব ক্যারিয়ারে ৩০টির বেশি শিরোপা জেতা এই ডিফেন্ডারের আজও বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপের প্রসঙ্গ এসেছে ঘুরেফিরে। সিলভাসহ মোট ছয় জনকে নিয়ে তৈরি হয়েছে ওই তথ্যচিত্রটি।

 

২০ কোটি কোচের দেশ ব্রাজিল

অধিনায়কের ভার এমনিতেই বেশি। ব্রাজিলের অধিনায়ক হলে তো কথাই নেই। প্রত্যাশার চাপ-তাপ এখানে দেশটির প্রেসিডেন্ট হওয়ার মতো। সবসময় সবার নজরদারির মধ্যে, আতশি কাঁচের নিচে থাকতে হয়। এ নিয়ে ব্রাজিলের নামকরা লেখক পাওলো কোয়েলহো দিয়েছেন দারুণ উদাহরণ-ব্রাজিল হচ্ছে ২০ কোটি কোচের দেশ। দলের কিভাবে খেলা উচিত-এ নিয়ে প্রতিটি ব্রাজিলিয়ানের আছে নিজস্ব মতামত।

তবে তাদের সাফল্য ক্ষুধা একই রকম। যেন অতৃপ্ত আত্মা। তাইতো বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়াটা ‘সেলেসাও’ সমর্থকদের ক্ষুধা, প্রত্যাশা কোনোটাই কমাতে পারেনি। বরং ওই প্রাপ্তি তাদের চাহিদা বাড়িয়েছে, প্রত্যাশার পারদ তুলেছে আরও উঁচুতে। সিলভাদের কাঁধে ভার বেড়েছে আরও।

Image

ব্রাজিলিয়ান সমর্থক

টাটকা উদাহরণও আছে এ নিয়ে। ২০২২ বিশ্বকাপের বাছাইয়েই লাতিন আমেরিকার সেরা দল হয়ে কাতারের টিকেট অর্জন করে তিতের দল। কিন্তু শুরুর ৯ ম্যাচ জয়ের পর কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র মেনে নিতে পারেনি ব্রাজিলের গণমাধ্যম। এমনকি সংবাদ সম্মেলনে সিলভার দিকে ধেয়ে এসেছিল তীর্যক প্রশ্ন-এরপরও কী জাতীয় দলে খেলার কথা ভাবেন তিনি? বলার অপেক্ষা রাখে না, প্রশ্নটি বিঁধেছিল ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডারের বুকে।

“কখনও কখনও সমর্থকরা স্রেফ বুঝতে চায় না। তারা বলে, তার কত অর্থ আছে দ্যাখো, সে এখন আর (জাতীয় দলের প্রতি) যত্নশীল না; কিন্তু বিষয়গুলো এমন নয়।”

 

‘ভাহাসিয়ায়’ কঠিন শুরু

এমন রুক্ষ প্রশ্নের মুখোমুখি হওয়া, আন্তর্জাতিক ফুটবলের ক্ষমাহীন মনোভাবের পাঠ সিলভা পেয়েছিলেন ছেলেবেলায়। যেদিন প্রথমবারের মতো মহল্লার মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন। রিও দে জেনেইরোর পাড়া-মহল্লার মধ্যে ম্যাচগুলো হওয়ার ময়দানকে বলা হয় ভাহাসিয়া, যেখানে মূলত শিশুরাই খেলে।

ভাহাসিয়া মূলত প্লাবনভূমির মতো। একটু নিচু ভূমি, নোঙরা-নর্দমার মধ্যে সেখানে বর্ষার সময়ও জলে-কাদায় খেলা চলে। বল নিয়ে দুই মহল্লার ছেলে-পুলের মধ্যে চলে লড়াই। প্রথাগত নিয়ম, আইন-কানুনের বালাই নেই সেখানে, তবে উন্নতি করা, নিজেকে ভেঙে গড়ে তোলার সব রসদই থাকে মজুদ।   

Image

জাতীয় দলের সাবেক সতীর্থ ও শৈশবের বন্ধু দাভিদ লুইসের (ডানে) সঙ্গে চিয়াগো সিলভা।

এই ভাহাসিয়া যেহেতু ব্রাজিলের শিশুদের ফুটবল পাঠ নেওয়ার শুরুর দিকের ধাপগুলোর একটি, তাই কেবল সিলভার নয়, নেইমার-মার্কিনিয়োসদের মতো আরও অনেকের পাঠশালাও। শৈশবের সেই ‘মল্লযুদ্ধের’ স্মৃতি, সেখান থেকে রপ্ত করা শিক্ষাও সিলভা আওড়েছেন স্মিত হাসিতে।

“ভাহাসিয়াতেই সবকিছু শুরু হয়েছিল। এখানেই আমরা ড্রিবলিং শিখেছিলাম, সবটুকু নিংড়ে দিতে শিখেছিলাম। ১১ বা ১২ বছর বয়সে আমি প্রথম ভাহাসিয়াতে খেলতে গিয়েছিলাম। আমি ছিলাম খুবই লাজুক প্রকৃতির। মাঠে গিয়ে দেখলাম লোকে লোকারণ্য, তখন নিজেকে বললাম- কী এটা?”

“ভাহাসিয়াতে আপনার কাছে মানুষের প্রত্যাশা থাকে অনেক। আমাদের কাছেও ছিল। আমরাও অবিশ্বাস্য চাপে থাকতাম। যদি কোনোভাবে তালগোল পেকে যায়, তাহলে মানুষ আপনাকে ছিঁড়েকুড়ে খাবে।”

“ইউরোপ ও জাতীয় দলে খেলা সব ব্রাজিলিয়ানের শুরুটা ভাহাসিয়াতেই। মার্কিনিয়োস ভাহাসিয়াতে খেলেছে, নেইমার খেলেছে, জেসুসও তাই। আমাদের উপর তাই জয়ের চাপটা সবসময় ছিল ভাহাসিয়ার সেই শুরুর দিনগুলোর মতো। যে চাপ আমি আজ অনুভব করি, এমনকি সেটা ভাহাসিয়ার সেই ম্যাচগুলোর সঙ্গে তুলনীয়ই নয়।”

Image

শৈশবের ক্লাব ইউভেন্তুদের জার্সি হাতে চিয়াগো সিলভ।

‘ইঁদুর’ সিলভার দানব হয়ে ওঠা

যে শৈশবে কেবল ঘুড়ি ওড়াতে পছন্দ করতেন, সেই সিলভার ব্রাজিলের অধিনায়ক হওয়াটা সম্ভবত তার লাজুক

স্বভাবের কারণেই বিস্ময়কর ছিল। ১৯৯৪ বিশ্বকাপের ব্রাজিল-ইতালি ফাইনাল দেখার পর সবকিছু বদলে যায়।

ওই ফাইনালে রবের্তো বাজিওর পেনাল্টি মিসে ব্রাজিল পেয়েছিল বিশ্বকাপের চতুর্থ শিরোপার স্বাদ। সিলভার মনেও উঁকি দিল ফুটবলার হয়ে বেড়ে ওঠা, দেশের হয়ে খেলার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের পথে ভাহাসিয়া হয়ে তার ঠিকানা হলো ভিয়া উরুকানিয়ায়। রিও দি জেনেইরোর এই স্থানীয় দলের কোচ দেকুইনিয়োর জহুরির চোখে ধরা দিল সিলভার নেতৃত্বগুণ। তার কণ্ঠেই ফুটে উঠল সেই দিনগুলোর কথা।

“অনুশীলনের সময় সে খেলোয়াড়দের সংগঠিত করত। সে সবসময় কাজটাকে ভীষণ গুরুত্ব দিত এবং এ কারণে আমি তাকে অধিনায়ক করেছিলাম। আমাদের দলটি বিস্মৃতপ্রায় হতে বসেছিল, কিন্তু সে আমাদের নতুন একটা পরিচয় দিয়েছিল।”

“এখানে খেলা অনেকে পেশাদার ফুটবলার হতে পারতো, কিন্তু নিজেদের প্রতি তাদের যথেষ্ট আস্থা ছিল না। চিয়াগো দেখিয়েছিল, অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে প্রতিদিন লড়াই করার এবং স্বপ্ন দেখার জন্য বিশ্বাস থাকাটাই যথেষ্ট।”

Image

২০১৮ বিশ্বকাপের অনুশীলনে চিয়াগো সিলভা। 

প্রশংসাসূচক শব্দও কখনও কখনও অদ্ভূতুড়ে হয়। সিলভার অধিনায়কত্ব নিয়ে যেমন ব্রাজিল কোচ তিতের মূল্যায়ন ‘কুখ্যাত’! বলার অপেক্ষা রাখে না, এটা প্রতিপক্ষের দলের বেলায়।

ইসাবেলার চোখেও আড়াল হয়নি স্বামীর নেতৃত্বগুণ। প্রশংসাসূচক উপমা দিতে গিয়ে সিলভাকে ‘দানব’ বললেন তিনিও।

“যেখানেই যায়, লোকে ওকে অধিনায়ক হিসেবে দেখে। এমনকি ওর বন্ধুরাও ‘কাপিতা’ (ক্যাপ্টেন) বলে ডাকে, কেননা তারাও ওর মধ্যে নেতৃত্বগুণ দেখে। ব্যক্তিগত গুণাবলীর বিচারেই চিয়াগো নেতা এবং মাঠে ও একটা দানব।”

লক্ষ্য একটাই-বিশ্বকাপ

বিশ্বকাপের বাকি নেই এক মাসও। সিলভা নিজেকে তৈরি করছেন একটি স্বপ্ন নিয়ে। ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ট্রফি উঁচিয়ে ধরতে চান। আগের পাঁচ বিশ্বকাপ জয়ী অধিনায়কের পাশে বসতে মুখিয়ে আছেন তিনিও।

“আমি লাজুক মানুষ এবং বন্ধুত্ব করতে গেলেও আমাকে সংগ্রাম করতে হয়। আমার শৈশবের বন্ধুরা আমাকে ইদুর বলত। কেননা, আমি খুব কম বাড়ির বাইরে বের হতাম। সময় গড়ানোর সাথে সাথে ফুটবল আমার জীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল এবং ফুটবলের কারণে আমি আমার জড়তা এক পাশে রাখতে পেরেছিলাম। এভাবেই চিয়াগো সিলভা হয়ে উঠলাম।”

“তখন থেকেই ভাবতে শুরু করলাম, হয়ত আমি আরেকটু দূর যেতে পারি। দর্শকে ভরা মাঠে খেলার স্বপ্ন দেখতাম এবং যখন কোনো কিছুর প্রতি আপনার আবেগ বাড়বে, তখন আপনিও স্বপ্নের খোঁজে বের হবেন। দূর কল্পনায়ও আমি ভাবিনি যে চতুর্থ বিশ্বকাপ খেলব। কিন্তু …আমি শুধু চতুর্থ বিশ্বকাপ খেলতে চাই না, শিরোপা জিততে চাই, যাতে জীবনের বাকিটা সময় মানুষ মনে রাখে আমাকে।”