২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনিশিংয়ের দুর্বলতায় প্রচণ্ড হতাশ টেন হাগ

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মনে করেন, জয় তাদের প্রাপ্য ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 08:35 PM

Updated : 17 Oct 2022, 08:35 PM

মৌসুমের শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে ভুগছে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। ম্যাচের পর ম্যাচ ধরে চলছে এই ব্যর্থতা। সবশেষ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সহজ সব সুযোগ হারান রোনালদো-স্যানচো-মার্সিয়ালরা। ফিনিশিংয়ে দলের অনুজ্জ্বলতা নিয়ে একরাশ হতাশা ঝরল ম্যানচেস্টারের ক্লাবটির কোচ এরিক টেন হাগের কণ্ঠে।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগে গত রোববারের ম্যাচে নিউক্যাসলের সঙ্গে গোলশূন্য ড্র করে ইউনাইটেড।

লিগে শুরুর একাদশে ফেরা ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন না ছন্দে। বিরতির পর তাকে তুলে নেন টেন হাগ। ইউনাইটেডের আক্রমণের অন্য খেলোয়াড়রাও ছিলেন মলিন।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে আধিপত্য করলেও নিউক্যাসলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে আক্রমণে কিছুটা গতি পেলেও দলকে হতাশ করেন মার্কাস র‌্যাশফোর্ড, ফ্রেদরা।

বিশেষ করে ৮৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ফ্রেদ। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা র‌্যাশফোর্ডকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক। এই সুযোগে বক্সে পাস বাড়ান তিনি, কিন্তু বাইরে মেরে হতাশ করেন ফ্রেদ।

ইউরোপ লিগে গত বৃহস্পতিবার ওমনিয়া নিকোসিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের পরও দলের ফিনিশিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন টেন হাগ। নিউক্যাসল ম্যাচেও আক্রমণভাগের ব্যর্থতায় তার অসন্তোষ বাড়ল আরও।

“জিততে না পেরে আমরা হতাশ, কারণ আমাদের পারফরম্যান্স বেশ ভালোই ছিল। নিজেদের জাল অক্ষত রেখেছি…ভালভাবে চাপ দিয়েছি এবং আমরা নিয়ন্ত্রণ করেছি।”

“শেষদিকে আমরা তাদের বাধা ভাঙতে পারি, কিন্তু গোল করতে না পারায় তাদের ম্যাচ থেকে ছিটকে দিতে পারিনি। তাই আমি পারফরম্যান্সে সন্তুষ্ট, কিন্তু ফলাফল নিয়ে হতাশ।”

টেন হাগ মনে করেন, জয় তাদের প্রাপ্য ছিল।

“প্রথমার্ধে আমরা কিছুটা অগোছালো ছিলাম। নিউক্যাসলের মতো শক্তিনির্ভর দলের বিপক্ষে আমরা অন্তত সমানতালে লড়াই করেছি। শেষ পর্যন্ত আমরা জিততে পারতাম এবং জয় আমাদের প্রাপ্য ছিল।”

লিগে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড।