২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

`২০ বছরের লেভানদোভস্কি’কে দেখে মুগ্ধ পেদ্রি

লেভানদোভস্কিকে যত দেখছেন, ততই মুগ্ধ হচ্ছেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 07:41 PM

Updated : 22 Aug 2022, 11:24 PM

বয়স হয়ে গেছে ৩৪ বছর, কিন্তু রবের্ত লেভানদোভস্কির ধার কমেনি একটুও। গোলমুখে আগের মতোই ক্ষুরধার, ক্ষিপ্র। নিবেদন, শরীরী ভাষাতেও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার দুর্নিবার তাড়না স্পষ্ট। পোলিশ স্ট্রাইকারকে দেখে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি এতটাই মুগ্ধ যে, তার মনে হচ্ছে লেভানদোভস্কি যেন ২০ বছরের তরুণ!

লা লিগায় রোববার রিয়াল সোসিয়েদাদের মাঠে ৪-১ গোলে জয় তুলে নেয় বার্সেলোনা। জোড়া গোল করে ম্যাচের নায়ক লেভানদোভস্কি।

বায়ার্ন মিউনিখ ছেড়ে কাতালান দলটিতে যোগ দেওয়ার পর প্রতিযোগিতামূলক ফুটবলে এদিনই প্রথম গোল পেলেন লেভানদোভস্কি। নিজের জন্মদিন রাঙিয়ে রাখার পাশাপাশি ইঙ্গিত দিয়ে রাখলেন কাতালান দলটির সমর্থকদের প্রত্যাশার প্রতিদান দেওয়ার।

ম্যাচের প্রথম মিনিটেই জাল খুঁজে নেওয়া লেভানদোভস্কি দ্বিতীয়ার্ধে করেন নিজের দ্বিতীয় গোল। অন্য গোল দুটি করেন আনসু ফাতি ও উসমান দেম্বেলে। তিন তারকার নৈপুণ্যে এবারের লা লিগায় বার্সেলোনা তুলে নেয় প্রথম জয়।

ঘরের মাঠ কাম্প নউয়ে নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভাইয়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা। লেভানদোভস্কির কাঁধে ভর করে সেই ব্যর্থতা তারা কাটিয়ে উঠল দ্রুতই। এ ম্যাচের পারফরম্যান্সে লেভানদোভস্কি প্রশংসায় ভাসছেন সবার। মুগ্ধ পেদ্রিও যোগ দিলেন সে দলে।

“তার বয়স ৩৪, কিন্তু দেখে মনে হবে তার বয়স ২০। সে যে পরিমাণ গোল করেছে এবং সর্বোপরি দলের জন্য যেভাবে কাজ করে, সেটা অবিশ্বাস্য। সে আমাদের অনেক সাহায্য করে।”

রায়ো ভাইয়েকানোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এদিনের জয়ের গুরুত্ব তুলে ধরেন পেদ্রি।

“ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে ঘরের মাঠে রায়োর বিপক্ষে ড্রয়ের পর। যদিও আমাদের কেবল ড্র প্রাপ্য ছিল না, কিন্তু সেটাই হয়েছে। এই ম্যাচে তাই আমরা জয় পেতে মরিয়া ছিলাম এবং আমরা পেরেছি।”

“দল হিসেবে আমরা ভালো ছিলাম, আমরা ভালো খেলেছিও। লা রিয়াল (রিয়াল সোসিয়েদাদ) এমন একটা দল যারা বল নিয়ে ভীতি ছড়াতে পারে, তবে আমরাও বল দখলে রাখতে পছন্দ করি।”