২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ফাহামিদুল-মিতুলরা

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথম অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রায় পাঁচ বছর পর এ মাঠে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেলেন ফুটবলারা।

জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ফাহামিদুল-মিতুলরা
প্রস্তুতি শুরুর আগে দলের সবাই মিলে ফটোসেনশন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

প্রস্তুতি শুরুর কথা ছিল বিকাল ৫টায়। তার আগে এক পশলা বৃষ্টি হওয়ায় অনুশীলন শুরু হলো একটু দেরিতে। শুরুতে রানিং, জাগলিংয়ে গা গরম করে নিলেন ফাহামিদুল-জামালরা। দ্বিতীয় দিনের প্রস্তুতিতে হাভিয়ের কাবরেরা নানাভাবে ম্যাচ খেলিয়ে পরখ করে নিলেন শিষ্যদের।

এই অনুশীলন দিয়ে জাতীয় স্টেডিয়ামের আঙিনা প্রায় ৫৫মাস পর মুখরিত হলো ফুটবলারদের পদচারণায়। ২০২০ সালের নভেম্বর এ মাঠে সবশেষ নেপালের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। 

ওই ম্যাচের পর শুরু হয় সংস্কার কাজ। নতুন আঙ্গিকের স্টেডিয়ামে বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচ খেলবে কাবরেরার দল।

এই দুই ম্যাচ সামনে রেখে শনিবার প্রথম দিনের প্রস্তুতি বাংলাদেশের শুরু করার কথা ছিল জাতীয় স্টেডিয়ামে, কিন্তু বৃষ্টির বাগড়ায় অনুশীলন সারতে হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। রোববার আবহাওয়া অনুকূলে থাকায় ম্যাচের ভেন্যুতে প্রস্তুতি নিয়েছেন জামাল-মিতুলরা।

এদিনের প্রস্তুতি ‘ক্লোজ-ডোর’ হওয়ায় গণমাধ্যমকর্মীদের সরাসরি মাঠে প্রবেশ করে অনুশীলন দেখার সুযোগ ছিল না। তবে, যতটা নিরিবিলি অনুশীলন কাবরেরা করতে চেয়েছিলেন, তা সম্ভব হয়নি নানা কারণে। মাঠের চারপাশে এখনও ইলেক্ট্রনিক বোর্ড লাগানোর কাজ চলমান থাকায় মাঠে তাদের কর্মীদের উপস্থিতি ছিল।

জাতীয় দলের খেলোয়াড়দের কাছে পেয়ে তাদের সাথে অনেকে সেলফি তোলার সুযোগ কাজে লাগিয়েছেন। দু-একজনকে আড়ালে-আবডালে ভিডিও করতে দেখা গেছে। মূল মাঠের অনেক বাইরে থেকে গণমাধ্যমকর্মীদের অনেকে দেখেছেন দলের অনুশীলন।

গা গরমের পর প্রস্তুতি ম্যাচের ধাঁচে তিন দফা অনুশীলন করালেন কাবরেরা। প্রথমে ছোট পোস্ট সাজিয়ে, এরপর বড় পোস্ট এনে মাঠ ছোট করে খেলে এবং সবশেষ মাঠ জুড়ে খেলোয়াড়দের দুই দলে ভাগ করে খেলিয়েছেন তিনি। বড় পোস্টগুলো সরানোর কাজগুলো করলেন ফুটবলাররাই। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার বার্তা যেন ফুটে উঠল।

প্রাথমিক দলে থাকা তিন গোলরক্ষক মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান প্রীতি গোলকিপিং অনুশীলন কাটালেন ব্যস্ত সময়। এই প্রথম জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি নিলেন ফাহামিদুল ইসলাম। ইতালির সেরি ডি’তে খেলা এই ফরোয়ার্ড গতিময় শটে কয়েকদফা জাল কাঁপালেন। কয়েকবার বল-বুটের সংযোগ ঠিকঠাক না হওয়ায় ক্রসবারের উপর দিয়ে উড়ে গেল তার শট। কয়েকবার পরাস্ত হলেও পোস্টে মিতুলকে দেখা গেল সাচ্ছ্বন্দ্যময়।

রাকিব হাসানকে স্ট্রাইকার হিসেবে খেলানোর ভাবনা আগেই বলেছিলেন কাবরেরা। এই ফরোয়ার্ডকে তার পজিশনে দেখা গেল অনুশীলন করতে। ফয়সাল আহমেদ ফাহিমের নিখুঁত আড়াআড়ি পাস জালে জড়িয়ে সতীর্থদের বাহবাও পেলেন রাকিব। এক ফাঁকে ফাহিমও কোনাকুনি শটে জালে জড়ালেন বল। শেখ মোরসালিন জালের দেখা যেমন পেলেন, মিসও করলেন কয়েকবার।

দেড় ঘণ্টা অনুশীলন সেরে দলবল নিয়ে মাঠ ছাড়লেন কাবরেরা। দূর থেকে হাসিমুখেই মাঠ ছাড়তে দেখা গেল জামাল-মিতুল-ফাহামিদুলদের।