Published : 12 Aug 2026, 05:33 PM
ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন মেমফিস ডিপাই। অভিজ্ঞ ডাচ ফরোয়ার্ডের দাবি, চুক্তিতে মেয়াদ বাড়ানোর শর্ত থাকলেও সেটা মানেনি করিন্থিয়ান্স।
২০২৪ সালে দুই বছরের চুক্তিতে ব্রাজিলের ক্লাবটিতে যোগ দেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা ফুটবলার। পরের বছর জেতেন কোপা দো ব্রাজিল ও সুপার কোপা দো ব্রাজিল। সব প্রতিযোগিতা মিলিয়ে সেখানে দুই মৌসুমে ৭৯ ম্যাচ খেলে তিনি করেন ২০ গোল।
সামাজিক মাধ্যমে এক বার্তায় করিন্থিয়ান্সের বিরুদ্ধে চুক্তি ভাঙার অভিযোগ আনেন মেমফিস।
“এই চুক্তি নবায়নের ব্যাপারে প্রেসিডেন্ট, ক্রীড়া, আইন ও অর্থ বিভাগ স্পষ্টভাবে সম্মত হয়েছিল। তবে, কিছু মানুষ এই প্রতিশ্রুতি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে।
“আমি এই পরিস্থিতিতে পড়তে চাইনি এবং প্রক্রিয়াজুড়ে আমি সবসময়ই ক্লাবকে সম্মান জানিয়েছি। কিন্তু এখন আমি নিজের স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি। সামনের দিনগুলোতে আমি জনসমক্ষে কথা বলব। নিশ্চিত থাকুন যে, এই অগ্রহণযোগ্য আচরণের জন্য আমি বিনা শাস্তিতে তাদের ছেড়ে দেব না।”
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি করিন্থিয়ান্স।
সাও পাওলো ভিত্তিক ক্লাবটি ব্রাজিলের সেরি আয় সাত নম্বরে রয়েছে। এর আগে তারা জানিয়েছিল, আর্থিক সমস্যায় ৩২ বছর বয়সী মেমফিসের চুক্তির মেয়াদ বাড়াতে পারছে না তারা।