মেয়েদের লিগের দলবদল শুরু রোববার
ডিসেম্বেরের শেষ দিকে লিগ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
দীর্ঘদিন ঝুলে থাকার পর স্বস্তির খবর পেলেন ঋতুপর্ণা-মনিকা-আফঈদারা। রোববার শুরু হচ্ছে মেয়েদের লিগের দলবদল। ডিসেম্বরের শেষ দিকে লিগ শুরুর কথাও জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
সবশেষ ২০২৩-২৪ মৌসুমে লিগ মাঠে গড়িয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন একাডেমি। ক্লাবগুলোর অনীহা, আর্থিক সংকটসহ নানা কারণে গত মৌসুমে লিগ মাঠে গড়ায়নি।
শনিবার বাফুফে ভবনে ক্লাবগুলোর সঙ্গে বসেছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর তিনি জানালেন, দলবদল শুরুর দিনক্ষণ।
“আমাদের যে ১১টা ক্লাব সিলেক্ট করা হয়েছে ফিফা থেকে, সেই ১১টা ক্লাব নিয়ে আজ বসেছিলাম। আমরা লিগটা কখন শুরু করব, দলবদল কখন করব-সবকিছু নিয়ে আলোচনা করেছি। আমরা আগামীকাল অর্থাৎ ১৪ই ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর-আমাদের দলবদল, এই ১৩ দিন এবং ২৯শে ডিসেম্বর থেকে লিগ শুরু হবে। লিগ শেষ হবে ৩১শে জানুয়ারি।”
প্রতিটি দল চার জন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবেন। এদের মধ্যে ম্যাচে একসাথে খেলতে পারবেন তিন জন করে। এছাড়া বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের রাখার বাধ্যবাধকতাও রাখার কথা জানিয়েছেন কিরণ।
“একটি ক্লাব সর্বোচ্চ ৩৫ জন এবং সর্বনিম্ন ২৩ জন নিবন্ধন করতে পারবে। এ বছরে আমরা একটা জিনিস বাধ্যতামূলক করেছি—সেটা হচ্ছে বষসভিত্তিক পর্যায়ের খেলোয়াড়দের। প্রত্যেকটা দলে চার জন অনূর্ধ্ব-১৭ এবং সর্বনিম্ন চার জন অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড় থাকতে হবে।”
“একইভাবে শুরুর একাদশ যখন মাঠে নামবে সেখানে অনূর্ধ্ব-১৭-এর দুই জন নামবে, অনূর্ধ্ব-২০-এর দুই জন নামবে। আর যদি খেলোয়াড় রিপ্লেস করতে হয়, তখনও বয়সভিত্তিকের জায়গায় বয়সভিত্তিক পর্যায়ের খেলোয়াড়ই বদলি নামবে। এটা হচ্ছে এবারের নতুন সংযোজন। আমরা বয়সভিত্তিক পর্যায়কে আরও উন্নত করার জন্য এটা অন্তর্ভুক্ত করেছি।”
