২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওই লোকটাকে আমি চিনি না’, ‘থুতু কাণ্ড’ নিয়ে বললেন মেসি

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে বাজে কাণ্ড নয়, জয় পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে এই আর্জেন্টাইন মহাতারকা।

‘ওই লোকটাকে আমি চিনি না’, ‘থুতু কাণ্ড’ নিয়ে বললেন মেসি

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 04:33 PM

Updated : 13 Oct 2023, 04:32 PM

নির্ধারিত সময় শেষের মিনিট পাঁচেক বাকি। প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়ার সঙ্গে একটু বাহাস হতে দেখা গেল লিওনেল মেসির। এরপর আর্জেন্টিনা অধিনায়ক যখন পেছন ফিরে হাঁটা শুরু করলেন, তখন সানাব্রিয়াকে মেসির দিকে থুতু ছুঁড়তে দেখা গেল! প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও চাউর হয়েছে।

মেসি উল্টো দিকে হাঁটা শুরু করায় সানাব্রিয়ার কাণ্ড দেখতে পাননি। পরে লকার রুমে ফিরে শুনেছেন সতীর্থদের কাছে। ওই থুতু কাণ্ড নিয়ে স্বাভাবিকভাবে আর্জেন্টাইন মহাতারকার কাছে জানতে চাওয়া হয়। তবে অস্বস্তিকর বিষয় নিয়ে আলাপে খুব একটা আগ্রহী হননি তিনি।

“আমি জানি না (থুতু ছেটানো) লোকটা কে এবং আমি তাকে গুরুত্ব দিতে চাই না। যদি সে ওই কাজ না করে থাকে, তাহলে বিষয়টি চারদিক ছড়াবে, কথা হবে এবং সে পরিচিতি পাবে।”

“এ বিষয় নিয়ে কথা না বলাই ভালো…আমার সতীর্থরা বিষয়টি আমাকে লকার রুমে বলেছিল।”

মেসি বরং আগ্রহী আর্জেন্টিনার হয়ে নিজের খেলা এবং ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া জয় নিয়ে কথা বলতে।

বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে তিনি ছিলেন বেঞ্চে। পরে বদলি নেমে গোল না পেলেও ঠিকই ঝলক দেখিয়েছেন। দুটি প্রচেষ্টা পোস্টে বাঁধা না পেলে গোলের আনন্দও সঙ্গী হতো তার।

ম্যাচের তৃতীয় মিনিটে করা নিকোলাস ওতামেন্দির গোলটি আগলে রেখে ১-০ ব্যবধানে জিতে আর্জেন্টিনা।

টানা তিন জয়ে বাছাইয়ের টেবিলে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। মেসিও আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যেতে পেরে খুশি। পেরুর বিপক্ষে ম্যাচ নিয়েও ভাবনা জানালেন তিনি।

“আবারও আর্জেন্টিনার হয়ে খেলতে পেরে এবং কিছু মিনিট যোগ করতে পেরে আমি খুশি। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা জিতেছি এবং একই সাথে ভালো খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে।”

“ইন্টার মায়ামির হয়ে খুব অল্প সময় খেলে আমি এখানে এসেছি এবং সপ্তাহটা কেমন যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। পরিকল্পনা হচ্ছে, পরের ম্যাচের আগে আরও বেশি বেশি ট্রেনিং সেশন করা।”