লিভারপুলে ভালো আছেন আলিসন, যাচ্ছেন না সৌদি আরবে
ব্রাজিলিয়ান এই গোলরক্ষক বললেন, যতদিন অ্যানফিল্ডে ভালো বোধ করবেন এবং ক্লাবও তাকে চাইবে, ততদিন থাকতে চান এখানেই।
ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাতে পারেন আলিসন, চারিদিক থেকে ভেসে আসা এই গুঞ্জন উড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। বললেন, লিভারপুলেই থাকতে চান তিনি। কারণ এখানে বেশ ভালো আছেন।
২০১৮ সালে রোমা থেকে ছয় কোটি ৬৮ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে অ্যানফিল্ডে যোগ দেন আলিসন, হয়ে যান সেই সময়ের সবচেয়ে দামি গোলরক্ষক। খুব দ্রুত দলে জায়গাও পাকা করেন তিনি। লম্বা সময় ধরে জাতীয় দলেও মূল গোলরক্ষক এই ব্রাজিলিয়ান।
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬১ ম্যাচ খেলে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ৩১ বছর বয়সী আলিসন।
তবে গত দুই বছরে তার পারফরম্যান্সে কিছুটা ভাটার টান পড়েছে। বেশ কিছু ম্যাচে অভাবনীয় ভুল করতে দেখা গেছে তাকে। এদিকে, লিভারপুলের মাঝের সময়ের সাফল্যের নায়কদের কয়েকজন রবের্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন ও ফাবিনিয়ো গত বছর লিভারপুল ছেড়ে যোগ দিয়েছেন সৌদি ফুটবলে।
আলিসনও কি সেই পথে হাঁটবেন? দিনে দিনে বাড়ছিল এমন গুঞ্জন। সেটাইকে এবার পরিষ্কার করে দিলেন তিনি। বললেন, যাচ্ছেন না কোথাও, অন্তত এখন নয়। ২০২৬ পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি আছে তার।
“এখানে আমি আমার চুক্তিকে সম্মান করতে চাই এবং মেয়াদের শেষ পর্যন্ত থাকতে চাই অথবা নতুন চুক্তি করতে চাই। আমি এখানে খুব সুখে আছি। আমার পরিবার আনন্দে আছে।”
“বেতন বৃদ্ধি এবং এমন কোনো বিষয়ে আমি কখনও সেভাবে দাবি জানাইনি। এটা কেবল আগ্রহের একটা জায়গা ছিল। তবে অন্য খেলোয়াড়রা কত বেতন পাচ্ছে, সেটা শুনলে আপনিও আগ্রহী হবেন। এটাই স্বাভাবিক।”
ভালেন্সিয়া থেকে ২৩ বছর বয়সী গোলরক্ষক জিওর্জিকে মামারদাশভিলিকে লিভারপুল দলে নেওয়ার চেষ্টা করছে বলে গণমাধ্যমের খবর। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই জর্জিয়ানকে কিনতে তিন কোটি পাউন্ড দিতে প্রস্তুত লিভারপুল।
আলিসনের কথায় বিষয়টির সত্যতাও মিলল। মামারদাশভিলি এলে তা লিভারপুলের পাশাপাশি জন্যও ভালো হবে বলে মনে করেন আলিসন।
“সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার আগেই খবরটি (মামারদাশভিলিকে লিভারপুলের কেনার চেষ্টা) জানতাম আমি। এটা আমার জন্য ভালো বার্তা, কারণ আমার ভাবনাকে ক্লাব গুরুত্ব দেয়।”
“তারা ঠিক কাজটাই করছে। আমার দিক থেকে, এখানে যতদিন আমার চুক্তি আছে এবং আমি খুশি থাকব, ক্লাবও আমাকে নিয়ে খুশি থাকবে এবং আমার পরিবার ভালো থাকবে, ততদিন আমি থাকব।”
