২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ও দলের ‘পুনর্জাগরণের’ আশায় সালাহ

অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়টি কতটা স্বস্তির, তা ফুটে উঠল লিভারপুলের মিশরীয় তারকার কণ্ঠে।

নিজের ও দলের ‘পুনর্জাগরণের’ আশায় সালাহ
মোহামেদ সালাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

মৌসুমে নিজের পারফরম্যান্সে একদমই খুশি নন মোহামেদ সালাহ। তবে, এর মাঝেও লিভারপুলের জার্সিতে ২৫০তম গোল করতে পেরে ভীষণ গর্বিত তিনি। তার কীর্তি গড়ার ম্যাচ দিয়ে লম্বা সময় পর জয়ে ফিরেছে ইংলিশ চ্যাম্পিয়নরাও। সব মিলিয়ে, নিজের ও দলের পুনর্জাগরণের আশায় আছেন মিশরীয় তারকা।

ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারায় লিভারপুল। লিগে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল আর্না স্লটের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতে হারের পর এলো কাঙ্ক্ষিত জয়।

অ্যানফিল্ডে প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন সালাহ। প্রতিপক্ষ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের হাস্যকর ভুলে বল পেয়ে জালে পাঠান তিনি। 

লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি সালাহর ২৫০তম গোল। ক্লাবটির জার্সিতে তার চেয়ে বেশি গোল করতে পেরেছেন আর কেবল দুইজন-রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬)।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের অন্য গোলটি করেন চোট কাটিয়ে ফেরা রায়ান গ্রাভেনবার্চ।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। পরে ৯ নভেম্বর প্রিমিয়ার লিগে তাদের লড়াই ম্যানচেস্টার সিটির বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির আগে অ্যাস্টন ভিলার বিপক্ষে এই জয় দলের জন্য কতটা প্রয়োজন ছিল, তা তুলে ধরলেন সালাহ।

“জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে আমরা কয়েকটি ম্যাচ হেরেছি, তবে আমি খুশি যে, আমরা এখন ছন্দে ফিরতে শুরু করেছি। আর (রেয়াল) মাদ্রিদ ও (ম্যানচেস্টার) সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এটা খুবই ভালো ফল। আজকের জয়টি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”

লিভারপুলের হয়ে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারা কত বড় অর্জন, সেটাও ফুটে উঠল তার কথায়।

“এত বড় ক্লাবের হয়ে গোল করতে পারা এবং ট্রফি জিততে পারা দারুণ ব্যাপার। বিষয়টাকে আমি কখনই হালকাভাবে নেই না, আমি খুবই গর্বিত। এত বড় প্রাপ্তিতে আমি খুবই খুশি।”

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে পাঁচটি গোল করতে পেরেছেন সালাহ। অ্যাসিস্ট করেছেন তিনটি গোলে। প্রিমিয়ার লিগের কোনো এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড ওয়েইন রুনির পাশে বসলেন তিনি। ২৭৬ গোলে নাম জড়িয়ে আছে দুইজনের।

কিন্তু চলতি মৌসুমে যে দলের প্রত্যাশা পূরণ করতে পারছে না, সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন সালাহ। 

 “না (আমার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নই), তবে আমি ফুটবল খেলাটা সম্পর্কে জানি। আমি অনেক বছর ফুটবল খেলেছি। আমি শুরুতেই বলেছিলাম, মৌসুমটা আমাদের জন্য বেশ কঠিন হবে। দলে কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে, দলে ভালো কিছু খেলোয়াড় যোগ হয়েছে। তবে দলে মানিয়ে নিতে তাদের সময় প্রয়োজন এবং একই সঙ্গে, আমরা কয়েকজন ভালো খেলোয়াড়ও হারিয়েছি।”

“আমাদের স্রেফ মানিয়ে নেওয়ার জন্য এবং একে অপরের খেলা বোঝার জন্য সময়ের প্রয়োজন। এরপর আমরা ভালো করব।”